প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’ বা ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন। প্রসিকিউশনের বাকি যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসানকে ১১৫ জনকে হত্যার দায়ে এমন শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাকে পৃথিবীতে অবাঞ্ছিত করে তোলা উচিত। কারণ, যাদের তিনি হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ছিল না।
‘পারসোনা নন-গ্রাটা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, "আমরা বুঝিয়েছি, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা হয়।" তিনি আরও জানান, এই ‘পারসোনা নন-গ্রাটা’ কেবল সেনানিবাসের ভেতরে নয়, বরং এমন একজন মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।
তিনি বলেন, "অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে।" বিষয়টি বোঝাতে জিয়াউলকে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথাও বলেন তারা।
আমিনুল ইসলাম বলেন, "আক্ষরিক বা প্রতীকী অর্থে বলেছি যে, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’।" অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে বক্তব্য দেবেন তারা।
জিয়াউল আহসানের বিভিন্ন অপকর্মের বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। এ মামলার প্রথম সাক্ষী, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যাতে তিনি সেখানে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা উচিত।
তিনি প্রশ্ন করেন, একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন। চিফ প্রসিকিউটর বলেন, "যদিও আমাদের সাক্ষীর বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা এসেছে।" এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়ে বলেন, জিয়াউলকে এমনভাবে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ হয়ে যান।
যুক্তিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের কিছু সেনা কর্মকর্তার বিবরণ তুলে ধরে তিনি বলেন, সেনা কর্মকর্তারা আমাদের জানমালের নিরাপত্তা দেবেন, কিন্তু তারা আমাদের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, এ বিষয়ে যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা উপস্থাপন করেছেন তারা। প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী। প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী এবং তাদের সামনে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে জানা গেছে, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা এর বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো।
চিফ প্রসিকিউটর বলেন, এভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার কারণে সেসব উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা। এর মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। একজন নজরুল, অপরজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।
মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে দাবি করেছেন সাক্ষীরা। তবে তদন্তে ১১৫ জনের হত্যার তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা চূড়ান্ত নয়, আরও বেশি হতে পারে। কেননা গুমের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সেখান থেকেও আরও তথ্য পাওয়া যেতে পারে।
আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযান চালাতে গেছেন জিয়াউল। প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যা করা হয়েছে বলে সাক্ষীরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন