প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন মন্তব্য করেছেন যে, রাজনীতি কখনো খারাপ নয়। তিনি বলেন, ভালো মানুষেরা রাজনীতিতে না আসার সুযোগে খারাপ মানুষেরা রাজনীতিতে স্থান করে নেয়। এর ফলে রাজনীতি কলুষিত হয়ে যায়। দুঃখজনকভাবে, মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না। শিক্ষার্থীদের জন্য প্রথমে রাজনীতি হতে হবে পড়ালেখা। কিশোর গ্যাং এবং মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া উচিত নয়। এসব অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।
রোববার সকালে চট্টগ্রামের মিরসরাই কলেজের নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো উল্লেখ করেন যে, আমাদের শিক্ষার্থীরা যেন বিপথে চলে না যায়, সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে। মাসে অন্তত একদিন শিক্ষার্থীদের নিয়ে কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা উচিত। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতীকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আতীকুল ইসলাম লতিফী বলেন, মিরসরাই কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি কলেজের উন্নয়নে সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক উত্তম কুমার চৌধুরী এবং বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিনন্দনপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রোভার মেট রবিউল হোসেন। গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জয়ত্রী সিনহা এবং ত্রিপিটক পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বাবলু বড়ুয়া। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নূর নবী।
প্রধান অতিথি কলেজে পৌঁছালে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। মোনাজাতের মাধ্যমে মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিরসরাই কলেজ মসজিদের খতিব ও মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মিরসরাই কলেজকে জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এ বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাজনীন খানম অহনা। দ্বিতীয় হন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন এবং তৃতীয় হন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সুলতানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন