০৭:১১ পি.এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রমজানপুরকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে শহিদুল ইসলাম হাওলাদার
তিনি জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে নিহতের একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ ও ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেন।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন