১০:২৪ এম
ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করার কারণে এই ঘটনা ঘটেছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি প্রতিবাদটি জানান। তিনি বলেন, সাথী আক্তার (৩০) ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করার পর বিএনপির নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক হন এবং পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
গত ২৬ অক্টোবর দুপুরে পুলিশ তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। এরপর বেলা ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, “আমরা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ করা একজন নাগরিকের মৌলিক অধিকার। নাগরিক তার জনপ্রতিনিধিকে নির্বাচিত করে এবং প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে না পারলে সমালোচনা করার অধিকারও রাখে। আটক সাথী আক্তারের মতপ্রকাশের অধিকার রয়েছে, কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দ্বারা মব সৃষ্টি করে তাকে গ্রেপ্তার করানো একটি নিন্দনীয় ঘটনা।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “আমরা মনে করি এ ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বরং ভিন্নমত প্রকাশের কারণে একজন নারী রাষ্ট্রের রোষানলের শিকার হচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। আমরা মনে করি, এর মাধ্যমে সরকার বিরোধী মত দমাতে চাইছে, যা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে একেবারেই অনাকাঙ্ক্ষিত।”
জামায়াতের এই নেত্রী বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সাথী আক্তারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছি।”
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন