প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী নারী শিক্ষকদের জন্য দিনব্যাপী মিলনমেলা, যেখানে হাসি-আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ ছিল। রঙিন শাড়িতে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বল পাসিং, চকলেট দৌড়, বেলুন ফোলানো এবং ঝুড়িতে বল নিক্ষেপের মতো প্রতিযোগিতায় অংশ নেন। খেলাধুলার পাশাপাশি গান, নাচ ও নাটকের মাধ্যমে অংশগ্রহণকারীরা যেন শৈশবে ফিরে যান।
বুধবার (২৫ নভেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিভিন্ন পিছিয়ে পড়া এলাকার শিক্ষা ক্লাবের দুই শতাধিক স্বেচ্ছাসেবী নারী শিক্ষককে নিয়ে এই মিলনমেলা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেনের আয়োজনে সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে পরিচালিত শিক্ষা ক্লাবের স্বেচ্ছাসেবী শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন চর ও প্রত্যন্ত এলাকার এসব নারী শিক্ষক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নিজেদের কাজের অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।
মিলনমেলায় অংশ নেয়া শিক্ষক শান্তি রানি বলেন, "প্রত্যন্ত এলাকার শিশুদের পড়ালেখায় সহযোগিতা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবে শিশুদের শেখার আগ্রহ ও অগ্রগতি তাদের কাজের অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজন অন্য শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়া এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।"
অন্য এক শিক্ষক কল্পনা খাতুন জানান, "প্রতিদিনের স্বেচ্ছাসেবামূলক কাজের ব্যস্ততার মধ্যে এমন আনন্দঘন আয়োজন তাদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা। খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি নতুন করে কাজ করার উৎসাহও পেয়েছেন।"
আয়োজকরা জানান, বিভিন্ন বিদ্যালয়ের ঝরে পড়া ও পড়ালেখায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে কাজ করছে এসব শিক্ষা ক্লাব। স্বেচ্ছাসেবী শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও কাজের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।
এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধার উপপরিচালক খন্দকার জাহিদ সরোয়ার বলেন, ‘প্রত্যন্ত ও চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে শিক্ষা ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রমে স্বেচ্ছাসেবী নারী শিক্ষকদের অবদান অনেক। তাদের কাজের স্বীকৃতি ও পারস্পরিক যোগাযোগ বাড়াতেই এ মিলনমেলার আয়োজন।’
সেভ দ্য চিলড্রেনের গাইবান্ধার সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন বলেন, ‘ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্লাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবী শিক্ষকদের দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশসহ অন্যান্য অতিথিরা। এসময় ঝরে পড়া রোধে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন