ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে আইপিসি প্রটোকল অনুসরণের আহ্বান বিএমইউ উপাচার্যের


হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে আইপিসি প্রটোকল অনুসরণের আহ্বান বিএমইউ উপাচার্যের

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নতুন করে সংক্রমণের শিকার না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) প্রটোকল নিয়মিতভাবে চর্চা ও অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি উল্লেখ করেন, আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনায় সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা, নার্স ও কর্মচারীদেরও এই বিষয়ে প্রশিক্ষিত হতে হবে।

আজ রোববার সকালে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে চার দিনব্যাপী ‘ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক একটি ম্যানুয়াল গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

উপাচার্য বলেন, বিএমইউতে এই কর্মশালার উদ্বোধনের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। একজন চিকিৎসককে রোগীর চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও কার্যক্রম পরিচালনার বিষয়গুলোও গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। তাই সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য ও চিকিৎসকদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। পরবর্তীতে কর্মকর্তা, নার্স ও কর্মচারীদেরও এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের প্রতিটি বিষয় গুরুত্বসহকারে শেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিত চর্চার মাধ্যমে সবাই আইপিসি প্রটোকল অনুসরণ করবেন বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিশেষায়িত চিকিৎসা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিএমইউ হাসপাতালে কার্যকর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ক্ষেত্রে অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশিক্ষিত জনবলের অভাব এবং সংক্রমণ নজরদারির চ্যালেঞ্জ রয়েছে।

হাসপাতালের দীর্ঘদিন ধরে সেন্ট্রাল স্টেরিলাইজেশন বিভাগ (সিএসএসডি) না থাকায় বিভিন্ন বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করছে। এ ছাড়া আইসিইউ, এনআইসিইউ ও সাধারণ ওয়ার্ডে অতিরিক্ত দর্শনার্থীর প্রবেশ সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) শিশুদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

অনুষ্ঠানে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় স্টেরিলাইজেশন বিভাগ প্রতিষ্ঠা, প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা, দর্শনার্থী নিয়ন্ত্রণ, নিয়মিত প্রশিক্ষণ ও সংক্রমণ নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি পর্যাপ্ত সরঞ্জাম ও পৃথক বাজেট বরাদ্দ, নিয়মিত অডিট এবং বিভাগ ভিত্তিক জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিএমইউর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান।

এ সময় বিএমইউর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কমিটির সদস্য সচিব ও ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী আলী আফতাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মুরাদ সুলতান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইসলাম।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী দিনে বিএমইউর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থ বাটলার, সিঙ্গাপুরে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্বে টিটু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


অসুস্থ বাটলার, সিঙ্গাপুরে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্বে টিটু

বাংলাদেশ নারী ফুটবলের সামনে রয়েছে একটি ব্যস্ত সূচি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে দলের। তবে, গুরুত্বপূর্ণ এই সিরিজে প্রধান কোচ পিটার বাটলারকে ডাগআউটে পাওয়া যাচ্ছে না। অসুস্থতার কারণে তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। এ কারণে ঋতুপর্ণা-আফিদাদের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাটলারের লিভারে সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা গুরুতর। লিভারের সমস্যা ক্যানসারে রূপ নিয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, এবং সেখান থেকে সেরে উঠতে সময় লাগবে। তাই সিঙ্গাপুর সফরে তাঁর দলের সঙ্গে থাকার সম্ভাবনা কম।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাটলার অসুস্থতার কারণে ইংল্যান্ডে রয়েছে। বাস্তবিকভাবে সিঙ্গাপুর ম্যাচে তার থাকা সম্ভব নয়। এই সময়ে টেকনিক্যাল ডিরেক্টর (সাইফুল বারী টিটু) ছাড়া বিকল্প সেভাবে নেই। তিনিই হয়তো সিঙ্গাপুরে দায়িত্বে থাকতে পারেন।’

বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে। বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে তুললেও সাফের শিরোপা ধরে রাখতে পারেননি তিনি। এশিয়ান গেমসেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি দল। সব মিলিয়ে তাঁর কোচিং নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এবার অসুস্থতা যোগ হওয়ায় বাংলাদেশে তাঁর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে কিরণ বলেন, ‘বাটলারের সঙ্গে ফেডারেশনের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে হয়তো অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এরপর ফেডারেশন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির প্রস্তুতির জন্য বর্তমানে চট্টগ্রামে অনুশীলন করছে বাংলাদেশ দল। আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। সাফ টুর্নামেন্ট শেষ হলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন আফিদারা। আপাতত দলের অনুশীলন পরিচালনা করছেন আবুল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ বছর ধরে পৌরসভা চত্বরে কোটি টাকার সরকারি মালামাল বিনষ্ট, নাগরিক সেবা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


৩ বছর ধরে পৌরসভা চত্বরে কোটি টাকার সরকারি মালামাল বিনষ্ট, নাগরিক সেবা নেই

নেত্রকোনার মদনের বাসিন্দারা, যদিও এটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা, নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। গত প্রায় তিন বছর ধরে পৌরসভা চত্বরে এলজিইডির একটি প্রকল্পের অধীনে প্রাপ্ত গাড়ি, ডাস্টবিন এবং অন্যান্য সরঞ্জাম পড়ে রয়েছে। এর ফলে কোটি কোটি টাকার প্রকল্পটি এই হাওড়াঞ্চলের জনগণের জন্য কার্যকর হয়নি।

স্থানীয় নাগরিকদের অভিযোগ, হোল্ডিং ট্যাক্স এবং ময়লা পরিস্কারের ফি পরিশোধ করার পরও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নাজুক হওয়া স্বীকার করেছেন প্রশাসক।

২০০২ সালে নেত্রকোনার হাওড় অঞ্চলের মদন দ্বিতীয় শ্রেণির পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নাগরিক সেবার উন্নয়নের লক্ষ্যে ২০২৩ সালে “নগর উন্নয়ন” কর্মসূচীর আওতায় ২৫০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়। তবে নাগরিক সেবার ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির আইইউজিআইপি প্রকল্পের অর্থায়নে ৫ বছর মেয়াদে বিভিন্ন প্যাকেজ গ্রহণ করা হয়। প্রথম ধাপে ওই বছর প্রায় চার হাজার ডাস্টবিন, বিশেষায়িত পাঁচটি অটোরিকশা, একটি মিনি ট্রাক, একটি ভ্যাকুয়াম গাড়ি এবং সাতটি ভ্যানসহ সকল সরঞ্জাম সরবরাহ করা হয়। কিন্তু এসব যন্ত্রাংশ খোলা আকাশের নিচে, গ্যারেজে এবং স্টোররুমে পড়ে থেকে গত তিন বছর ধরে বিনষ্ট হচ্ছে।

প্রাথমিকভাবে প্রায় ৬৩ কোটি টাকার সরঞ্জাম এভাবে বিনষ্ট হতে দেখা গেলেও নাগরিকদের কিছুই করার নেই।

গেল ২রা সেপ্টেম্বর মদন পৌরসভায় পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি সেখানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং কর্মকর্তাদের ওপর তার অসন্তোষ ঝাড়েন। কিন্তু তার পরেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

কিছুটা তৎপর হয়ে তড়িঘড়ি করে কিছু সংখ্যক ডাস্টবিন বিতরণ করা হলেও এখনো পৌর চত্বরেই বিপুল পরিমাণ ডাস্টবিন অবহেলায় পড়ে রয়েছে। বিতরণ করা ডাস্টবিনগুলোও দায়সারাভাবে দেয়া হয়েছে।

পৌর সভার উপ সহকারী প্রকৌশলী মো. জামিল হাসান জানান, ২৪ সালের ৫ আগস্ট কিছু ভাঙচুর হয়েছে। বরাদ্দের বিষয়ে তিনি বলেন, তাদের এখান থেকে কিছুই হয় না। কেনাকাটা প্রকল্পের কর্মকর্তারা করেন।

এদিকে সদ্য যোগদান করা পৌর প্রশাসক এম এ কাদের বলেন, এখানে বর্জ্যসহ মারাত্মক অব্যবস্থাপনা রয়েছে। পরিকল্পিত উন্নয়নের জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন এবং সার্বিক বিষয়ের সমাধান করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আসতে কেউ নিষেধ করেনি, বিচার শুরু হয়েছে : সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


দেশে আসতে কেউ নিষেধ করেনি, বিচার শুরু হয়েছে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মন্তব্য করেছেন, বিগত ১৭ বছরের অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, গণহত্যা এবং ক্ষমতার অপব্যবহারের বিচার কার্যক্রম শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের উচিত ছিল দেশে থেকেই আইনের মুখোমুখি হওয়া।

রোববার (৮ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও টঙ্গীবাড়ি উপজেলা প্রান্তে কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত এক সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরের বিভিন্ন অপরাধ ও অপকর্মের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিচারের সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে অনেক মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং কিছু অভিযোগ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। যারা আন্দোলনের মুখে পালিয়ে গেছেন এবং বর্তমানে পলাতক বা ‘ওয়ান্টেড’ আসামি হিসেবে চিহ্নিত, তাদের দেশে ফিরে আসা উচিত।

তিনি বলেন, দেশে আসতে তাদের কেউ নিষেধ করেনি। তাদের উচিত ছিল দেশে থেকেই এই বিচার মোকাবিলা করা। দেশে ফিরলে আদালতের রায় কার্যকর করবে সরকার ও বিচার বিভাগ—এটাই স্বাভাবিক নিয়ম।

টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

স্থানীয় লোকজনের মতে, কুণ্ডেরবাজার সেতুটি নির্মিত হলে সিরাজদিখান ও টঙ্গীবাড়ি উপজেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ৩৪ জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ৩৪ জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানের লাহোরে দুই সপ্তাহের একটি এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই প্রতিনিধিদলে অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে হাইকমিশনার একটি নৈশভোজের আয়োজন করেন। সেখানে তিনি বক্তব্যে উল্লেখ করেন, "প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই কর্মসূচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।"

তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্ব দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও জনপ্রশাসনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন যে, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল গভর্ন্যান্সে সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা বিদ্যমান। হাইকমিশনার বলেন, "দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক সুদৃঢ় বন্ধন রয়েছে।"

বিজ্ঞপ্তিতে পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডর’-এর কথাও উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার এই করিডর চালুর ঘোষণা দিয়েছিলেন।

হাইকমিশনার জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন এবং আরও ২০ জন খুব দ্রুত সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, চলতি বছরের শুরুতে প্রথম ব্যাচে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সিভিল সারভেন্ট সফলভাবে এই এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন করেছেন। বর্তমান প্রতিনিধিদলটি এই উদ্যোগের দ্বিতীয় ব্যাচ হিসেবে অংশ নিচ্ছে, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতারই প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%