প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণার জন্য চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। শাখা সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মুহিউদ্দিন খানের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে ভোটের তফসিল দ্রুত ঘোষণা, নির্ধারিত সময় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করতে একটি স্থায়ী নির্বাচন-রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান হয়।
শিবিরের নেতারা উল্লেখ করেন, বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ বা সময়সূচি জানানো হয়নি। এটি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। তাই দ্রুত নির্বাচনের বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করার দাবি উত্থাপন করেছেন তারা।
স্মারকলিপি দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, অ্যাকাডেমিক উৎকর্ষ ও নেতৃত্ব বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডাকসু শুধুমাত্র ছাত্ররাজনীতির নেতৃত্ব তৈরির ক্ষেত্র নয় বরং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম, ক্যারিয়ার উন্নয়ন, আবাসন, পরিবহন, চিকিৎসা, নিরাপত্তা, ক্রীড়া, সংস্কৃতি এবং সার্বিক কল্যাণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ছাত্রশিবিরের দাবি, ২০২৫ সালে ডাকসু পুনর্গঠনের পর শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণা ও অ্যাকাডেমিক সেমিনার আয়োজন, আন্তর্জাতিক জার্নাল ও ই-রিসোর্সে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, পরিবহনব্যবস্থার উন্নয়ন, মেডিকেল সেবার সম্প্রসারণ, হলের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তার মতো উদ্যোগ। সংগঠনটির মতে, এসব কার্যক্রম একটি সক্রিয় ডাকসুর ইতিবাচক ভূমিকার উদাহরণ।
স্মারকলিপি জমা দিতে গিয়ে মুহিউদ্দিন খান বলেন, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একটি স্বাভাবিক ও চিরাচরিত প্রক্রিয়া। কিন্তু বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত বা রোডম্যাপ দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘ডাকসু কবে হবে, কীভাবে হবে এবং এর বাজেট কোথায়’- এসব বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুহিউদ্দিন খান আরো বলেন, পরবর্তী ডাকসু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো ইউজিসিকে চিঠি পাঠানো হয়নি এবং ডাকসুর জন্য বাজেটও বরাদ্দ করা হয়নি। তাই দ্রুত বাজেট ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।
অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ সীমিত করতে ডাকসুকে অকার্যকর রাখার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মুহিউদ্দিন খান বলেন, ‘আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের স্পষ্ট সময়সূচি ও রোডম্যাপ ঘোষণা করা হোক।’ দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি জোরদার করার ইঙ্গিতও দেন তিনি।
ব্রিফিংয়ে তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে ‘নব্বইয়ের হাওয়ার পূর্বাভাস’ তারা লক্ষ্য করেন এবং ডাকসুকে আগের মতো অকার্যকর বা বন্ধ করে দেওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে, তবে তা তারা মেনে নেবেন না। তিনি বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হিসেবে ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিত করার দাবিতে তারা কার্যক্রম চালিয়ে যাবেন।
এদিকে, শাহবাগ থানায় হামলাসহ ক্যাম্পাসে বিভিন্ন হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়েও কথা বলেন শিবির সভাপতি। তিনি বলেন, এসব ঘটনার বিচার দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে, আগামী রবি ও সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা না হলে তা প্রকাশের দাবিতে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন