ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গুগল সরকারের সমর্থনে ১৯ হাজার ইউটিউব চ্যানেল সরাল, জবাব চায় ইন্দোনেশিয়া


গুগল সরকারের সমর্থনে ১৯ হাজার ইউটিউব চ্যানেল সরাল, জবাব চায় ইন্দোনেশিয়া

গুগল ইন্দোনেশিয়া সরকারের সমর্থনে থাকা ১৯ হাজারের বেশি ইউটিউব চ্যানেল সরিয়ে ফেলেছে। এই ঘটনার প্রেক্ষিতে, দেশটির ডিজিটাল মন্ত্রণালয় চ্যানেলগুলো বন্ধ করার কারণ ও ব্যবহৃত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের পদক্ষেপ ভুলভাবে ব্যাখ্যা হওয়ার ঝুঁকি রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর প্রকাশিত গুগলের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের ‘ইনফ্লুয়েন্স অপারেশনস বুলেটিনে’ চ্যানেল সরানোর তথ্য প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া সরকারের সমর্থনে থাকা ১৯ হাজারের বেশি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। তালিকায় ইন্দোনেশিয়া শীর্ষে রয়েছে, এরপর রয়েছে চীন ও রাশিয়া।

গুগল প্রতি তিন মাস পরপর এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বিত প্রভাব বিস্তারের কার্যক্রমে যুক্ত অ্যাকাউন্ট বন্ধের তথ্য তুলে ধরা হয়।

আরও পড়ুন: জাপানের জনপ্রিয় চিপসের প্যাকেট রঙিন থেকে সাদা-কালো হচ্ছে

চ্যানেলগুলো সরানোর কারণ জানার জন্য গুগলের ইন্দোনেশিয়া প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ডিজিটাল মন্ত্রণালয়। বৈঠকের পর, মন্ত্রণালয় গুগলের কাছে চ্যানেল শনাক্ত ও বন্ধ করার পদ্ধতি, পর্যালোচনা প্রক্রিয়া, তথ্যের নির্ভুলতা পরিমাপের কৌশল এবং শনাক্তকরণে ভুলের হার সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেডিওদেচ্চি লুস্তারিনি বলেছেন, যেসব অ্যাকাউন্ট শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছে, সেগুলো শনাক্ত ও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত মানদণ্ড এবং পদ্ধতি ব্যাখ্যা করে লিখিত প্রতিবেদন দিতে গুগলকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে উদাহরণও চাওয়া হয়েছে।

কনটেন্ট নির্মাতা বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অবস্থান কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়েও গুগলের কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।

রয়টার্সের প্রশ্নের জবাবে গুগলের এক মুখপাত্র বলেন, ইউটিউবসহ নিজেদের প্ল্যাটফর্ম সুরক্ষিত রাখতে বিশ্বব্যাপী সমন্বিত প্রভাব বিস্তারের কার্যক্রম নিয়মিতভাবে শনাক্ত ও বন্ধ করে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, সবার ক্ষেত্রেই একই নীতিমালা প্রয়োগ করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: ভারতের রাফাল বহরে চারটি যুদ্ধবিমান কম: ফ্লাইট ইন্টারন্যাশনাল

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জনপ্রিয়তা কমে আসার সময়েই বিপুলসংখ্যক চ্যানেল সরানোর বিষয়টি সামনে এসেছে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রেসিডেন্টের প্রধান সামাজিক কর্মসূচিগুলো নিয়ে অসন্তোষ বাড়ছে। গত বছরের নভেম্বরে তার জনসমর্থন প্রায় ৮০ শতাংশ থাকলেও চলতি বছরের জুলাইয়ে তা কমে ৫১ শতাংশে নেমে আসে।

তবে চ্যানেলগুলো বন্ধ করার বিষয়ে গুগলের প্রতিবেদনে ইন্দোনেশিয়ার রাজনৈতিক পরিস্থিতির কোনো উল্লেখ ছিল না। অ্যাকাউন্টগুলোকে কেন সমন্বিত প্রভাব বিস্তারের কার্যক্রমের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তা উন্নয়নে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তা উন্নয়নে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির প্রচার, বাস্তবায়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে সিটি ব্যাংক পিএলসি মুন্সীগঞ্জে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠান আয়োজন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা এবং তাঁদের টেকসই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির সার্কুলার এবং ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ব্যাংকঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনর্থায়নযোগ্য। উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায়- আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদরে উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব প্রদান করেছে। একই সঙ্গে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন, আবেদনসমূহ একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করবে। আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংকগুলো নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঋণ আবেদন যাচাই-বাছাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণের ব্যবস্থা করবে। অর্থায়ন-পরবর্তী সময়ে ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার এবং ঋণ পরিশোধের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন। এই বিশেষায়িত ঋণ সুবিধা চালুর মাধ্যমে কর্মসূচিটির আওতায় উদ্যোক্তাদের অর্থায়নপ্রাপ্তির সুযোগ আরো সহজ ও কার্যকর হবে।

লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধা চালুর মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সিটি ব্যাংক তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় দক্ষিণ এশিয়ায় প্রথমবার আইএইউপির সম্মেলন আয়োজন করছে ডিআইইউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


ঢাকায় দক্ষিণ এশিয়ায় প্রথমবার আইএইউপির সম্মেলন আয়োজন করছে ডিআইইউ

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের উদ্দেশ্যে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করছেন। ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে।

সম্মেলনের প্রথম দিনে, ১৯ নভেম্বর, বাংলাদেশে আগত আন্তর্জাতিক প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতিনিধিরা বাংলাদেশের সংসদীয় ঐতিহ্য ও জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানার সুযোগ পান।

পরবর্তীতে রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজায় স্বাগত অনুষ্ঠান ও পরিচিতি পর্বের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরেস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আয়দিন, জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।

সম্মেলনের দ্বিতীয় দিনে, শুক্রবার (২০ নভেম্বর), রাজধানীর হোটেল শেরাটনে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি কয়েকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাবে। সন্ধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারের আয়োজন থাকবে।

সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

সম্মেলনের শেষ দিন, শনিবার (২১ নভেম্বর), ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে বিভিন্ন আলোচনা, ক্যাম্পাস পরিদর্শন ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ‘ঐতিহ্যের হাট’ আয়োজন করা হবে। পাশাপাশি ‘Open Science, AI, and the Future of Academic Research’ শীর্ষক প্যানেল আলোচনা এবং গবেষণা ও জনকল্যাণমূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে আইএইউপির মহাসচিব অধ্যাপক তাতসুরো তানিওকা বক্তব্য দেবেন। ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ধন্যবাদ জ্ঞাপন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিদায়ী মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইএইউপির প্রথম সম্মেলন ১৯৬৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে সংগঠনটি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপন করবে। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব এ আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষার মান ও কার্যকারিতা উন্নয়নে কাজ করে আসছে সংগঠনটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক অংশীদারত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক শিক্ষা ও গবেষণা সহযোগিতায় দেশের অংশগ্রহণ আরো জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, "আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।"

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা যাতে দেশের মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখে, তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলোর জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, "শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে।" শিক্ষকদের দায়িত্ব শুধুমাত্র পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্ডেজ ৭৪ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্ডেজ ৭৪ বছর বয়সে মারা গেছেন

বিশ্বখ্যাত সংগীতশিল্পী ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ মারা গেছেন। তার বয়স ছিল ৭৪ বছর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন ৪১ বছর বয়সী এই গায়ক।

হাসপাতালের বিছানায় বাবার সঙ্গে তোলা একটি ছবি এবং পরিবারের বিভিন্ন সময়ের কিছু ছবি পোস্ট করে ব্রুনো জানিয়েছেন, মৃত্যুর আগে গত সপ্তাহে বাবাকে শেষবারের মতো জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলেন।

বাবার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে ব্রুনো লিখেছেন, ‘আমি যখনই তার কথা বলেছি, সব সময় বলেছি, তিনিই আমাকে সবকিছু শিখিয়েছেন। বিশেষ করে সংগীতের বিষয়ে। তিনি আমার চার বোন, ভাই এবং আমাকে বড় করেছেন। আমার চোখে তিনিই ছিলেন পৃথিবীর সেরা বাবা। আবার দেখা না হওয়া পর্যন্ত প্রতিদিন তাকে মনে পড়বে।’

পোস্টের শেষে তিনি মায়ের কথাও স্মরণ করেছেন। ২০১৩ সালে মস্তিষ্কে রক্তনালি ফেটে মারা যান তার মা বার্নাডেট সান পেদ্রো বায়োত। বাবাকে উদ্দেশ্য করে ব্রুনো লেখেন, ‘ভালোবাসি বাবা। ওপারে মাকে আমার হয়ে একটি চুমু দিও।’

সংগীতের সঙ্গে বাবার পথচলা

ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিউইয়র্কের ব্রুকলিনে বেড়ে ওঠা পিটার ছোটবেলা থেকেই বাবার সঙ্গে লাতিন সংগীতের পরিবেশনায় যেতেন। পরবর্তীতে ডু-ওপ সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। একসময় তিনি হাওয়াইভিত্তিক সংগীতদল ‘লাভ নোটস’ গড়ে তোলেন।

১৯৯০-এর দশকে হাওয়াইয়ের শেরাটন ওয়াইকিকি হোটেলে সংগীত পরিবেশনার আয়োজন করতেন পিটার। সেখানে সন্তানদেরও পারফরম্যান্সে যুক্ত করতেন। ছোটবেলায় ব্রুনো মার্সের এলভিস প্রিসলির অনুকরণে গান ও নাচের অভ্যাস গড়ে ওঠে বাবার সেই আয়োজনের মাধ্যমে। মাত্র ছয় বছর বয়সে ১৯৯২ সালের ‘হানিমুন ইন ভেগাস’ চলচ্চিত্রে ‘লিটল এলভিস’ চরিত্রে দেখা যায় তাকে।

পিটার ও বার্নাডেটের ছয় সন্তান—ব্রুনো, এরিক, তিয়ারা, তাহিতি, প্রেসলি ও জেইমি। বাবা-মায়ের বিচ্ছেদের পর ব্রুনো ও তার ভাই এরিকের জীবনে নানা কঠিন সময় এলেও বাবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ২০১৬ সালে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্রুনো সেই সময়ের স্মৃতিচারণ করেছিলেন।

ব্রুনো মার্সের সংগীত ও ব্যক্তিত্বেও বাবার প্রভাব রয়েছে। তার পোশাক, মঞ্চের উপস্থাপনা এবং পুরোনো দিনের সংগীতের প্রতি আগ্রহের পেছনেও বাবার ভূমিকার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%