১২:৪৩ পি.এম
দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে, উদ্ভাবক মো. সলেমান আলীর উদ্ভাবিত ‘সলেমান সোলার সেচপাম্প’ সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই মাসের ৩ তারিখ, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়ায় ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়া সময় তিনি এ গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
মন্ত্রী বলেন, এই দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি এ সময় বলেন, কৃষকদের সেচ ব্যয় কমাতে এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা সময়ের দাবি বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সলেমান আমাদের দেশের গর্ব। সরকারের পক্ষ থেকে তার উদ্ভাবিত সোলার সেচপাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করা হবে।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
মন্ত্রী আরও জোড় দেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করার জন্য কাজ করে যাচ্ছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলেও জানান।
অনুষ্ঠানে উদ্বোধনের পূর্বে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।
উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারি সহযোগিতা পেলে এই প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন