প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড বাদশাহ শাহরুখ খান সদ্গুরুর সঙ্গে কথোপকথনে ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন অনন্ত আম্বানি। কথোপকথনের এক পর্যায়ে শাহরুখের দিকে ফিরে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। নেটিজেনদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মুকেশ আম্বানির ছেলে কি শাহরুখকে চুপ থাকতে বলছিলেন? আবার অন্যদের ধারণা, দুই তারকার মধ্যে নিছক মজার খুনসুটি চলছিল। ভিডিওতে অনন্ত ঠিক কী বলেছিলেন, তা স্পষ্ট নয়।
গত শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অমৃতা ফড়নবিশ প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। পাশাপাশি হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে সাহসিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখা কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসির মতো তারকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ সদ্গুরুকে আলিঙ্গন করছেন। এরপর তার সঙ্গে কথা বলার সময় হাত জোড় করে অভিবাদন জানান। এ সময় অনন্ত আম্বানি কাছে এলে শাহরুখ তার পিঠে হাত রাখেন। তবে আলোচনার জন্ম দেওয়া দৃশ্যটি ছিল একটু পরের। সদ্গুরুর সঙ্গে কথোপকথনের মাঝেই শাহরুখের দিকে ফিরে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। এরপর হাসতে হাসতে অন্য অতিথিদের দিকে ফিরে যান বলিউড বাদশাহ। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে শাহরুখ ও অনন্তকে আলিঙ্গন করতেও দেখা গেছে।
অনন্তের এমন ইশারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রকাশ্যে শাহরুখের দিকে এভাবে আঙুল তোলা কতটা সমীচীন। রেডিটে এক ব্যবহারকারীর ধারণা, শাহরুখ হয়তো সদ্গুরুর কাছে অনন্তকে নিয়ে কিছু বলছিলেন। আর তা শুনেই মজা করে অভিনেতাকে থামানোর ইঙ্গিত দেন অনন্ত। তবে পুরো বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। ২৩ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে শাহরুখ কিংবা অনন্ত—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
অনুষ্ঠানের আরেকটি আবেগঘন মুহূর্তে শাহরুখ দেবিকা রোটাওয়ানকে সম্মাননা প্রদান করেন। দেবিকা ২০০৮ সালের মুম্বাই হামলা থেকে বেঁচে ফেরা একজন প্রত্যক্ষদর্শী ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাহরুখ নিজের ছোট ছেলে আব্রামের একটি প্রশ্নের কথাও তুলে ধরেন। আব্রাম জানতে চেয়েছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় রূপান্তর করা যায়। উত্তরে শাহরুখ বলেন, "এর জন্য মানুষের মধ্যে পারস্পরিক কথোপকথন, বিশ্বাস ও সম্প্রীতি জরুরি।" তিনি বলেন, একে অপরের সঙ্গে কথা বলতে হবে, আস্থা রাখতে হবে এবং মিলেমিশে থাকতে হবে।
গুরুগম্ভীর আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে হাস্যরসেরও কমতি ছিল না। দর্শকদের আনন্দ দিতে শাহরুখ স্মরণ করিয়ে দেন তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পরিচিত সংলাপ। মঞ্চে দুই হাত ছড়িয়ে দেন নিজের চেনা ভঙ্গিতে। তার সঙ্গে একই ভঙ্গি করতে দেখা যায় বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসিকেও।
উল্লেখ্য, সদ্গুরু নামে পরিচিত জগ্গি বাসুদেব ভারতের একজন আধ্যাত্মিক শিক্ষক। যোগ ও ধ্যানের প্রসারে ১৯৯২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ঈশা ফাউন্ডেশন। যোগ-ধ্যানের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও কাজ করে সংস্থাটি। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানেই ‘গ্লোবাল পিস অনার্স’ সম্মাননা দেওয়া হয় সদ্গুরুকেও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন