প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সামরিক ঘাঁটিতে সুরক্ষিত আবাসনে বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা। এই কর্মকর্তাদের মধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার অন্তর্ভুক্ত রয়েছেন।
সিএনএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন মন্ত্রিসভার সদস্য সামরিক আবাসনে বসবাস করছেন। অতীতের মার্কিন প্রশাসনগুলোর তুলনায় এই সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। একসময় এসব আবাস মূলত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ ছিল।
দেশে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি শত্রুদের হুমকির কারণে কর্মকর্তারা এই সিদ্ধান্ত গ্রহণ করছেন। চলতি মাসে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।
সম্প্রতি অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান। নিরাপত্তা উদ্বেগের কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও সামরিক আবাসনে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তাঁর পরিবার গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইরে উঠেছেন। তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ এবং ব্যক্তিগত ঠিকানা প্রকাশ করে প্রচারপত্র বিতরণের ঘটনা ঘটেছিল।
তবে সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদ্যোগে পেন্টাগনকে এসব কর্মকর্তার নিরাপত্তা হুমকি, সামরিক আবাসনে থাকার আইনি ভিত্তি এবং বাড়িভাড়ার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সামরিক আবাসনে থাকতে কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন সংস্কারে ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের পরিকল্পনা নিয়েও আগে সমালোচনা হয়েছিল।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান মনে করেন, এ ধরনের আবাসনে বসবাসের ফলে সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাঁর মতে, নিরাপত্তা নিশ্চিত হলেও এতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি বাড়তে থাকলে ভবিষ্যতেও সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বৃদ্ধি পাবে। এতে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব আরও বাড়তে পারে।
সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন