১০:৫৬ এম
চাঁপাইনবাবগঞ্জে একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় সদের আলী নামে দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় ওই দোকান থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত সদের আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্সের মালিক। সোমবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয় এবং রাতে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষি বিভাগের সহায়তায় মেসার্স সদের ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরি ও প্যাকটজাত করার সময় দোকান মালিক সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট, প্যাকেটজাত করার মেশিন এবং বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। সারগুলো দ্রুত বিক্রি করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদের আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন