প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায়, আদালতের জারি করা সাজা পরোয়ানা এবং গ্রেফতারি পরোয়ানাÑ সবকিছু থাকার পরও রাজশাহীর আলোচিত মাদক ব্যবসায়ী মনোয়ারুল হাসান রাসেল ওরফে চিট রাসেল এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে। রায় ঘোষণার পাঁচ মাস পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করা না যাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আদালতের নথি অনুযায়ী, চট্টগ্রাম জেলার দায়রা মামলা নং- ৩০৯৫/২০২১ (সূত্র: কোতোয়ালী থানার মামলা নং-০৮ (০৯)১৯)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর টেবিল ১০(গ), ৩৮ ও ৪১ ধারায় দায়ের করা মামলায় পলাতক আসামি মনোয়ারুল হাসান রাসেলের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪, চট্টগ্রামের বিচারক আফরোজা জেসমিন কলি গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে আদালতের রায়ের কয়েক মাস পার হলেও পরোয়ানা কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠেছে যে, চিট রাসেল কোথায় রয়েছেন এবং কেন তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি? গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই বলে জানান। তিনি ওয়ারেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরে ওয়ারেন্ট অফিসার নাজমুল হাসান জানান, মনোয়ারুল হোসেন নামে একটি ওয়ারেন্ট ছিল, যা ঢাকার পল্টন থানার একটি মামলার সঙ্গে সংশ্লিষ্ট। ওই মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পর গত ১৯ জুলাই সেটি রিকল হয়ে থানায় জমা হয়েছে। অন্যদিকে, থানার আরেক দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এসআই নুরুল ইসলাম এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি তথ্য চাওয়ার কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন। গ্রেফতারি পরোয়ানা গোপন রাখা হয়েছে কি নাÑ এমন প্রশ্নেরও তিনি সুস্পষ্ট কোনো জবাব দেননি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া তালতলা গ্রামের বাসিন্দা মনোয়ারুল হাসান রাসেল স্থানীয়ভাবে চিট রাসেল নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তিনি একসময় উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন। ২০১৬ সালের ৩ আগস্ট টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় র্যাব-১২-এর অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ রাসেলকে আটক করা হয়েছিল। সে সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় দেড় কোটি টাকা। র্যাবের দাবি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তার শক্তিশালী মাদক সরবরাহ নেটওয়ার্ক ছিল।
পরবর্তীতে ২০১৮ সালের ১৭ অক্টোবর রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় আরএমপি এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাসেল ও তার স্ত্রী মরিয়মকে গ্রেফতার করা হয়েছিল। তাদের ভাড়া বাসা থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এই ব্যবসার মাধ্যমেই অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
স্থানীয়দের দাবি, রাসেল হেরোইন বহনের মাধ্যমে মাদক জগতে প্রবেশ করেছে। পরে, তিনি নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলে ইয়াবা ব্যবসায় আধিপত্য বিস্তার করেন। এদিকে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আদালতের যাবজ্জীবন দণ্ডের রায় কার্যকর এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব নিয়েও জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, আদালতের রায় দ্রুত কার্যকর করে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের পাশাপাশি তার সম্পদের উৎস এবং আর্থিক লেনদেনের বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন