ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরের অভয়নগরে এগারোটি প্রাচীন শিবমন্দির সংরক্ষণে সংস্কারকাজ


যশোরের অভয়নগরে এগারোটি প্রাচীন শিবমন্দির সংরক্ষণে সংস্কারকাজ

ভৈরব নদের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এগারোটি প্রাচীন মন্দির একটি বিশেষ স্থাপনা। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত এই স্থাপনাটি বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে এগারো শিবমন্দির নামে পরিচিত এই স্থাপনাটির চারপাশে রাজপরিবারের ইতিহাস, একজন বিধবা রাজকন্যার জীবনগাঁথা এবং ধর্মীয় অনুরাগের স্মৃতি জড়িত রয়েছে। প্রচলিত বিবরণ অনুযায়ী, যশোরের রাজা প্রতাপাদিত্যের বংশধর রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। তার রাজধানী ছিল চাঁচড়া, তবে তিনি ভৈরব নদের তীরবর্তী অভয়নগরে বসবাস করতেন।

মন্দিরগুলোর নির্মাণের পেছনে রয়েছে নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়ার করুণ জীবনগাথা। নড়াইলের জমিদারপুত্র নীলাম্বর রায়ের সঙ্গে অভয়ার বিয়ের পর কিছুদিনের মধ্যেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নীলাম্বর মারা যান। অল্প বয়সেই বিধবা হয়ে পড়েন অভয়া। প্রচলিত কাহিনি অনুসারে, তিনি বাকি জীবন পূজা-অর্চনায় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। মেয়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে নীলকণ্ঠ রায় এগারোটি শিবমন্দির নির্মাণ করেন। তার মেয়ের নাম অনুসারেই এলাকার নাম হয় অভয়নগর। মন্দিরগুলোর নির্মাণকাল নিয়ে যদিও মতভেদ রয়েছে, বিভিন্ন বিবরণে ১৭৪৫ থেকে ১৭৬৪ সালের কথা বলা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় স্থাপনাটিকে অষ্টাদশ শতকের নির্মাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এগারোটি মন্দিরের মধ্যে উত্তর দিকেরটি প্রধান মন্দির। এর দৈর্ঘ্য ২৪ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ২২ ফুট ৩ ইঞ্চি। প্রধান মন্দিরের পূর্ব ও পশ্চিম পাশে চারটি করে আটটি এবং প্রবেশপথের দুই পাশে দুটি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরে একসময় কষ্টিপাথরের শিবলিঙ্গ স্থাপিত ছিল, কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে। তবুও, মন্দিরগুলোর স্থাপত্যবৈশিষ্ট্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন: মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

খিলানাকৃতির প্রবেশপথ, দেয়ালে সজ্জিত পোড়ামাটির ফলক এবং সূক্ষ্ম কারুকাজ মন্দিরগুলোর সৌন্দর্যে স্বতন্ত্র মাত্রা যোগ করেছে। পুরো মন্দিরসমষ্টি প্রাচীরবেষ্টিত। উত্তর-পশ্চিম কোণে একসময় একটি পুকুরও ছিল। দীর্ঘদিনের অবহেলা ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০১৪ সালে স্থাপনাটির সংস্কারকাজ শুরু করে। ভৈরব নদের তীরে দাঁড়িয়ে থাকা এই এগারো শিবমন্দির তাই শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি যশোরের আঞ্চলিক ইতিহাস, লোককথা ও অতীতের স্থাপত্যরুচির একটি স্মারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা, বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক লেনদেন বন্ধ করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা, বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক লেনদেন বন্ধ করছে

দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলার ঘটনা এখন পর্যন্ত ঘটেছে। বাংলাদেশ ব্যাংক জানায়, এসব হামলায় অর্থায়ন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গত ১০ নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের ২৯টি শাখার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এসব হামলার কারণে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

ব্যাংকটির সদস্য সংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৩ হাজারের বেশি, যার কার্যক্রম বিস্তৃত ৮১ হাজার ৬৭৮টি গ্রামে। ব্যাংকের মোট সঞ্চিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া, প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলেও বিনিয়োগ করা রয়েছে।

বর্তমানে ব্যাংকটিতে মৌসুমি ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকরা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ কর্মসূচি সাধারণত অন্তত ছয় মাস আগে শুরু হয়। কিন্তু বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকরা পশুপালন ঋণ নিতে পারছেন না।

সার্বিকভাবে, ব্যাংকটির বন্ধ থাকা ২৯টি শাখার গ্রাহকরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখার কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক জানায় যে, বিভিন্ন ব্যাংক ও বুথে হামলা এবং গ্রাহকের অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ফলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইউক্রেন দাবি করেছে যে, রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধবিমানগুলো রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় ব্যবহার করত। বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ এ তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

জেনারেল স্টাফের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলাটি সংঘটিত হয়। তবে ইউক্রেনের এই দাবির ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, হামলায় তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং দুটি সু-৩৪ ফাইটার-বোম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, মিগ-৩১ বিমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত হয়।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর উপর একের পর এক হামলা চালাচ্ছে। এর মধ্যে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে দেশটির আরেকটি জাহাজে হামলার ঘটনা রয়েছে। গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে শান্তি প্রচেষ্টা শুরু হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার নতুন হামলা এবং সম্মুখসারির শহরগুলোতে অব্যাহত আক্রমণের জবাবে কিয়েভ মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, তাদের বাহিনী রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেছেন, গত কয়েক মাসে এ ধরনের ১৬টি উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে তেল পরিশোধনের পরিমাণ ৪৫ শতাংশ কমে গেছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে কেবল তখনই ইউক্রেনও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধরনের অপরাধের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


সব ধরনের অপরাধের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার সব ধরনের অপরাধের বিচার করতে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, "দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র হিসেবে উল্লেখ করে বলেন, "দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।"

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলার সুলতানদের ইতিহাস মুছে ফেলার কারণ ও বাংলাদেশের জন্মভিত্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


বাংলার সুলতানদের ইতিহাস মুছে ফেলার কারণ ও বাংলাদেশের জন্মভিত্তি

রাজকীয় অনুদান দেওয়ার ক্ষেত্রে মুসলিম শাসকরা হিন্দু ও মুসলিম কবি-লেখকদের মধ্যে কোনো পার্থক্য করতেন না। ফলে দেখা যায়, বাংলা সাহিত্য সৃষ্টিতে দুই সম্প্রদায়ের সাহিত্যপ্রতিভারাই সক্রিয় ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কৃত্তিবাস, মালাধর বসু, শাহ মুহাম্মদ সগীর, যশোরাজ খান, কবীন্দ্র পরমেশ্বর, কৃষ্ণদাস কবিরাজ, বিপ্রদাস পিপিলাই, আমির জয়নুদ্দিন ও সৈয়দ সুলতান। বিশেষ করে ইলিয়াস শাহি ও হোসেন শাহি সুলতানি বংশ বাংলাকে একটি কথ্য উপভাষা থেকে সমৃদ্ধ সাহিত্যের পরিশীলিত ভাষায় রূপান্তরিত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। হোসেন শাহি যুগকে সর্বজনীনভাবে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলে গণ্য করা হয়। হিন্দু পৌরাণিক গ্রন্থ রামায়ণ সুলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহর (১৪১৫-৩১ খ্রিষ্টাব্দ) উদার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাসের হাতে প্রথমবারের মতো বাংলায় অনূদিত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ছেলে সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ ব্যক্তিগতভাবে মহাভারতের বাংলা অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। হোসেন শাহর কিংবদন্তিতুল্য সেনাপতি পরাগল খান ও ছুটি খান সাহিত্য-অনুরাগের জন্য পরিচিত ছিলেন।

দুর্ভাগ্যজনকভাবে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বাংলার সুলতানদের বিরাট অবদান এবং পৃষ্ঠপোষকতার জন্য তাদের প্রাপ্য স্বীকৃতি বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গে কোথাও বড় একটা দেওয়া হয় না। এর তিনটি কারণ আমার মতে রয়েছে।

১. ব্রিটিশ আমল (১৭৫৭-১৯৪৭): ব্রিটিশরা মুসলিম শাসকদের উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। নিজেদের ঔপনিবেশিক শাসনকে বৈধতা দিতে তারা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ধরে মুসলিম শাসকদের খলনায়ক হিসেবে চিত্রায়িত করে এবং তাদের সব গৌরবান্বিত সময়কে ইতিহাস থেকে মুছে বা বিকৃত করে দেওয়ার নীতি অনুসরণ করে।

ব্রিটিশ শাসনে বাংলা-পাক-ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল হিন্দু। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য ব্রিটিশরা হিন্দুদের খুশি করে চলত। আর হিন্দুদের খুশি করতে গিয়ে তারা মুসলমান শাসক ও সাধারণ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ১৯০ বছরের শাসনকালজুড়ে তারা মুসলমানদের অবদান মিটিয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে।

২. পাকিস্তান আমল (১৯৪৭-৭১): ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ক্ষমতা ছিল প্রধানত পশ্চিম পাকিস্তানি এলিটদের হাতে। তারা পূর্ববাংলার এই সমৃদ্ধ মুসলিম ও সুলতানি সাহিত্য-ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ ছিল। একই সঙ্গে তারা মনে করত, বাঙালি সংস্কৃতির পুরোটাই হিন্দু-প্রভাবিত এবং বাঙালিদের ওপর আধিপত্য বজায় রাখতে তারা এই ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে কোনো চর্চা করেনি।

আমার আরেকটা ধারণা, পাকিস্তানের শাসক ও এলিট শ্রেণির লোকরা যদি মেনে নেয় যে, বাংলার মুসলমানদের অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস রয়েছে, তাহলে আমাদের শাসন করার নৈতিক অধিকার অনেকটা কমে যায়। পাকিস্তানিরা বাংলাদেশিদের ডমিনেট করতে চেয়েছে। তাদের এই ডমিনেশনের মধ্যে এক ধরনের বর্ণবাদী ব্যাপার ছিল। পাকিস্তানিরা ছিল আর্যদের বংশধর। পাঁচ হাজার বছর আগে আর্যরা পাকিস্তান অঞ্চলে এসেছিল। আমাদের সম্পর্কে আর্যদের নেগেটিভ ধারণা, সেটি ৪৭-এর পর পাকিস্তানিদের মাথায়ও বংশ পরম্পরায় থেকে গিয়েছিল। এ কারণে বাংলার হাজার বছরের মুসলিম ঐতিহ্য নিয়ে তারা কোনো গবেষণা করেনি।

৩. বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ (১৯৭১-পরবর্তী সময়): ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া কেন বাংলাদেশিদের সাহায্য করেছিল? এই প্রশ্নের দুটি উত্তর আছে। প্রথম উত্তর হলো, ইন্ডিয়া চেয়েছিল তাদের পূর্ব সীমানায় একটা দুর্বল রাষ্ট্র গড়ে উঠুক। যে রাষ্ট্র তাদের ওপর নির্ভর করে থাকবে। ফলে তাদের ডিফেন্স কস্ট কমে যাবে।

ইন্ডিয়া চেয়েছিল পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করে তাদের দুর্বল করে দিতে। কারণ পাকিস্তান ছিল ১৯৮৭-এর পর হিস্টোরিক্যাল এনিমি অব ইন্ডিয়া। ফলে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তারা আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। আর এই সাংস্কৃতিক আগ্রাসনের ফল হলো, আমরা বাংলা মানে কলকাতা বুঝি। আমরা কবি বলতে শুধুই রবীন্দ্রনাথ বুঝি। তারা বলতে শুরু করল, আমরা কালচারালি পিছিয়ে আছি। আমরা বাংলা বলতে পারি না। আমাদের বাংলা উচ্চারণ ভালো না। আমাদের বাংলা লেখা হয় না। এভাবেই তারা আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। এ কারণে তারা আমাদের বাংলার মুসলিম সালাতানাতের ইতিহাস জানতে দিতে চায়নি। জানলে আপনি জেনে যাবেন, বাংলার সার্বিক বিকাশ ও সমৃদ্ধিতে বাংলার সুলতানদের অবদান ছিল সবচেয়ে বেশি।

সুতরাং প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরাই হিন্দু জনগোষ্ঠীকে তুষ্ট করার জন্য মুসলিম শাসকদের অবদানকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষ, সংস্কৃতি ও ইতিহাসকে অবহেলা করেছে। বাংলার গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য আবিষ্কার করার বা বোঝার কোনো চেষ্টা তারা কখনো করেনি। ১৯৭১ সাল থেকে আমরা বাংলাদেশিরা ভারতের তীব্র সাংস্কৃতিক আগ্রাসনের মুখে নিজেদের শিকড় ও ঐতিহ্য খুঁজে পেতে সংগ্রাম করে আসছি। হয়তো জুলাই বিপ্লব আমাদের স্বকীয় বাঙালি মুসলিম সংস্কৃতিকে আবিষ্কার করার এক নতুন সুযোগ এনে দিয়েছে।

সুলতানি আমলে মুসলিম ও দেশজ সংস্কৃতির মিলন মধ্যযুগের বাংলায় একটি প্রাণবন্ত সমাজ এবং নতুন জাতি গঠনের ভিত্তি গড়ে তুলেছিল। পূর্ববঙ্গে ইসলামের সাফল্যই ১৯৪৭ সালে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের উদ্ভব এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের জন্মের ভিত্তি রচনা করেছিল। বৌদ্ধ মিয়ানমার ও হিন্দু ভারতের দ্বারা পরিবেষ্টিত একটি মুসলিম বদ্বীপ হিসেবে আমরা কৌশলগত অবস্থানে রয়েছি। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য মুসলিম বিশ্বে একটি স্বতন্ত্র ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক জনগোষ্ঠী হিসেবে বাঙালি মুসলমানের স্বকীয় পরিচয়কে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%