প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন জেলে, দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থায় রয়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টির কারণে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
বুধবার দিবাগত রাত থেকে উপজেলায় থেমে থেমে ভারী বৃষ্টি এবং মাঝে মাঝে দমকা হাওয়া বইছে। শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফকিরহাট সদর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ও নিচু স্থানে পানি জমে জনদুর্ভোগ বেড়েছে।
ফকিরহাট বাজার সংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা কুদ্দুছ মিয়া, জাকির হোসেনসহ কয়েকজন জানান, তাঁরা পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি কুঁড়েঘরে পরিবার নিয়ে বসবাস করেন। শীতের শুরুতে এমন ভারী বৃষ্টিতে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ছে। বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে। ছোট শিশুদের নিয়ে শীত ও বৃষ্টিতে চরম কষ্টে দিন কাটছে তাঁদের।
উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাসরত প্রায় ৩০টি বেদে পরিবারের অবস্থাও শোচনীয়। বৃষ্টিতে কাদা-পানিতে অর্ধেক ডুবে গেছে তাঁদের কুঁড়েঘর। রান্না বান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
কিরণের মোড় এলাকার ভ্যানচালক টিপু শেখ ও আট্টাকা গ্রামের বাবলা মোল্লা বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না থাকায় তাঁদের কোনো আয় নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে প্রতিদিনের উপার্জনে কোনোমতে সংসার চলে। বৃষ্টিতে সেই উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে।
এদিকে অসময়ের ভারী বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক নুরু মিয়া বলেন, সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকারী হলেও টানা ভারী বৃষ্টি ফসলের ক্ষতি করছে। বিশেষ করে আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীতকালীন অন্যান্য সবজিরও ক্ষতি হতে পারে। বৃষ্টিতে ক্ষেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ায় কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ সরবরাহের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সবজি ফসলের ক্ষতি কমাতে পানি নিষ্কাশন ও বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রেসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলার ডহর মৌভোগ বিল এলাকার চাষি সুনিত বাবু জানান, তাঁর বেগুণ ও টমেটোর খেত বৃষ্টিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।
অন্যদিকে উপজেলার কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়ে উদ্বিগ্ন চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে অনেক চাষিকে মাটির বাঁধ উঁচু করা ও ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিতে দেখা গেছে।
ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ বলেন, শীতের শুরুতে এমন টানা বৃষ্টি হতে থাকলে বাগদা চিংড়ি চাষীদের আগাম সতর্কতা অবলম্বন করা দরকার। এই রকম প্রতিকূল আবহাওয়ার কারণে বিশেষ করে বাগদা চিংড়ির প্রাকৃতিক খাবারের উপাদানের সম্পুরক খাদ্যের গুণাগুণের ভারসাম্য নষ্ট হয়। ভারসাম্য ঠিক রাখতে পানিতে শতক প্রতি ২০০ গ্রাম ডলোমাইট চুন প্রয়োগ করতে হবে এবং খাবারের সাথে ভিটামিন সি খাওয়াতে হবে। আর খেয়াল রাখতে হবে পানিতে অক্সিজেন কমে গিয়ে চিংড়ি মাছ ভেসে যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন