ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘আরএসএসের কাছে মাথা নত করব না’, ১৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছে আদালত


‘আরএসএসের কাছে মাথা নত করব না’, ১৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছে আদালত

"জীবনে ব্যর্থ হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাছে আত্মসমর্পণ করব না"—এই ঘোষণাটি ভারতের কেরালার শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। কেরালা হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ বাতিল করে শিক্ষার্থীদের পক্ষে রায় প্রদান করেছে। আদালত বলেছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায় ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হয়েছে।

সোমবার বিচারপতি পি.ভি. কুন্হিকৃষ্ণনের দেওয়া রায়কে আন্দোলনরত শিক্ষার্থীরা "আরএসএস-এর আদর্শিক আক্রমণের বিরুদ্ধে বড় জয়" হিসেবে অভিহিত করেছেন। রায় ঘোষণার পর ক্যাম্পাসে বিজয় মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর নেতাকর্মীরা মন্তব্য করেন, "জীবনে ব্যর্থ হলেও আমরা আরএসএস-এর কাছে হার মানব না।"

সোমবার বিচারপতি পি ভি কৃষ্ণনের নেতৃত্বে আদালত ১৬ শিক্ষার্থীর করা একটি রিট আবেদন গ্রহণ করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের ক্যাম্পাসে প্রবেশ এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

আরও পড়ুন: তেহরানের যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, আন্দোলনের শুরু থেকে তারা যে "ক্ষমা নয়, আপস নয়" অবস্থান নিয়েছিলেন, আদালতের রায় তাতে ন্যায্যতা দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উচ্চশিক্ষামন্ত্রী রোজি এম জন তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়রানি করেছেন। অন্যদিকে, উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের রায় নিয়ে পরে তিনি প্রতিক্রিয়া জানাবেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানকে সমর্থন করে বলেছিলেন, ক্ষমা চাইলেই কেবল শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা যেতে পারে।

আদালত নির্দেশ দিয়েছে, বহিষ্কারের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা ১০ শিক্ষার্থীর জন্য ছয় সপ্তাহের মধ্যে পৃথক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে এমন ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছিল। আবেদনকারী বাকি ছয়জন পিএইচডি গবেষক, যাদের বহিষ্কারের কারণে কোনো পরীক্ষা বাদ পড়েনি।

গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। এসব সমস্যার মধ্যে ছিল ২৭টি প্রভাষক পদ শূন্য থাকা, ছাপানো সনদপত্র দিতে বিলম্ব, অবকাঠামোগত ঘাটতি এবং গবেষণা বৃত্তি পেতে দীর্ঘসূত্রতা।

এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কালাডি থানায় দুটি মামলা করে পুলিশ। এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মেদভেদেভ: ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি দায়ী

তবে শাস্তিমূলক তদন্তের প্রক্রিয়া পর্যালোচনা করে হাইকোর্ট এতে বেশ কয়েকটি গুরুতর অনিয়ম খুঁজে পেয়েছে। আদালত বলেছে, বহিষ্কারের আদেশ কিংবা শুনানির নোটিশ—কোনোটিতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি। ফলে তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার যথেষ্ট সুযোগ পাননি তারা।

আদালত আরো বলেন, উপাচার্যের অনলাইন সাক্ষ্যসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে রেকর্ড করা হয়েছে। তাদের অভিযোগের অনুলিপিও দেওয়া হয়নি। এমনকি সাক্ষীদের জেরা করার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।

১৩ আগস্টের ঘটনা তদন্তে সিন্ডিকেট সদস্যদের নিয়ে গঠিত কমিটি নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে আগের কিছু অসংশ্লিষ্ট অভিযোগ এবং শিক্ষার্থীদের অতীত কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করেছে।

বিচারপতি কৃষ্ণন তদন্ত প্রতিবেদনেরও সমালোচনা করেন। তিনি বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে কমিটি প্রমাণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেনি। ফলে প্রতিবেদনটি যুক্তিনির্ভর বা যথাযথ কারণসংবলিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে না।

আরও পড়ুন: ফিলিস্তিনি ঐতিহ্য চুরি করে বিশ্ব মঞ্চে কথিত ‘শান্তির’ পোশাকে মিস ইসরায়েল

শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিযোগ নিষ্পত্তি কমিটি কিংবা ন্যায়পালের কাছে যেতে পারতেন—কর্তৃপক্ষের এমন যুক্তিও আদালত প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এসব সংস্থার সদস্যদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় নিজেই, অথচ উপাচার্যও এই বিরোধের একটি পক্ষ। ফলে এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ ধরনের প্রতিকার চাওয়াকে তিনি "সিজারের কাছ থেকে সিজারের স্ত্রীর কাছে বিচার চাওয়ার" সঙ্গে তুলনা করেন।

তবে আইন অনুযায়ী নতুন করে তদন্ত শুরু করার সুযোগ বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন আদালত। কিন্তু তদন্ত চলাকালে ওই ১৬ শিক্ষার্থীকে আবার বহিষ্কার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। আদালত উল্লেখ করেছে, শিক্ষার্থীরা ইতোমধ্যে ৮৪ দিন বহিষ্কৃত অবস্থায় কাটিয়েছেন।

ফরাসি দার্শনিক ভলতেয়ারের বিখ্যাত উক্তি—"তোমার বক্তব্যের সঙ্গে আমি একমত নই, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষায় মৃত্যুর আগ পর্যন্ত লড়ব"—উদ্ধৃত করে বিচারপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন না করার বিষয়েও তিনি সতর্ক করেছেন।

আরও পড়ুন: হায়দরাবাদের হাসপাতালে এক রোগীর জন্য ৮০০ গ্লাভস, মৃত্যুর তিন মাস পরও বিল তৈরি

২০২৬ সালের মার্চে কেরালার রাজ্যপাল ড. সিজা থমাসকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসএফআই-এর দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নিযুক্ত রাজ্যপাল কেরালার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে "আরএসএস-ঘনিষ্ঠ" ব্যক্তিদের উপাচার্য পদে বসিয়ে ক্যাম্পাসের গেরুয়াকরণ এবং বামপন্থী ছাত্র রাজনীতি নির্মূলের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি রাস্তা ও কবরস্থান দখলে চরম ভোগান্তিতে বসন্তপুরবাসী, অসম্পূর্ণ সড়কে দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎​শাহানুর আলম, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


সরকারি রাস্তা ও কবরস্থান দখলে চরম ভোগান্তিতে বসন্তপুরবাসী, অসম্পূর্ণ সড়কে দুর্ভোগ

‎বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বসন্তপুর গ্রাম যেন এখনো আদিযুগের নিয়মেই চলছে। সরকারি রাস্তা দখল করে গরুর ঘর, রান্নাঘর ও বাথরুমের ট্যাংকি নির্মাণ, কবরস্থান বেদখল এবং সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে গ্রামবাসীর দুর্ভোগ চরমে ওঠে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে হাওরের ঢেউ থেকে গ্রামটিকে রক্ষার জন্য একটি বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছিল। গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া একমাত্র সেই রাস্তাটিই এখন যে যার সুবিধামতো দখল করে নিচ্ছেন। অভিযোগ রয়েছে, অনেকেই রাস্তার স্ল্যাব উল্টিয়ে নিজেদের খুশিমতো বাড়ির সীমানা (বাউন্ডারি) দিয়েছেন। এমনকি মূল রাস্তার ওপর গরুর ঘর, রান্নাঘর ও বাথরুমের ট্যাংকিও তৈরি করা হয়েছে। পাশাপাশি কবরস্থানও বেদখল হয়ে গেছে এবং এর ওপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের এমন কর্মকাণ্ডে পুরো গ্রামবাসী অসহায় হয়ে পড়েছেন। আধুনিক উন্নয়নের ছোঁয়া যেন আজও পৌঁছায়নি এই গ্রামে।
‎এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে লুৎফুর রহমান চেয়ারম্যানের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, কাজটি পুরোপুরি শেষ না করে প্রায় ১০০ ফুট জায়গা ফাঁকা রেখেই দায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। স্থানীয়দের ভাষ্য, এতে বড় ধরনের অনিয়ম ও গাফিলতি হয়েছে।
‎অন্যদিকে, রাস্তার দুই পাশের কিছু পরিবার অবৈধভাবে বাথরুমের ট্যাংকি নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সেই ট্যাংকি উপচে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফলে এলাকার মুসল্লিদের নিয়মিত নোংরা ও দুর্গন্ধযুক্ত পথ মাড়িয়ে মসজিদে যাতায়াত করতে হচ্ছে।
‎এমন পরিস্থিতিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি রাস্তা ও কবরস্থান দখলমুক্ত করা, হাওরের ঢেউ থেকে গ্রামটিকে বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ইউনিয়নের নতুন বাজারের সাথে সংযোগ সড়কটি সচল করার দাবিতে বিষ্ণুপুর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা মন্ত্রণালয় বিতর্কিত কর্মকর্তা ড. জাহিদা বেগমকে ওএসডি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


শিক্ষা মন্ত্রণালয় বিতর্কিত কর্মকর্তা ড. জাহিদা বেগমকে ওএসডি করেছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশের কথা উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. জাহিদা বেগমকে মাউশি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে, তাকে তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ নভেম্বর, ড. জাহিদা বেগমকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। তবে নতুন আদেশে তাকে ওএসডি করা হলো।

জাহিদা বেগমের বিরুদ্ধে মাউশির প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালনকালে প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগও জমা পড়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হায়দরাবাদের হাসপাতালে এক রোগীর জন্য ৮০০ গ্লাভস, মৃত্যুর তিন মাস পরও বিল তৈরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


হায়দরাবাদের হাসপাতালে এক রোগীর জন্য ৮০০ গ্লাভস, মৃত্যুর তিন মাস পরও বিল তৈরি

এক সপ্তাহের মধ্যে একজন রোগীর জন্য ৮০০টি সার্জিক্যাল গ্লাভস ব্যবহার করা হয়েছে! এর পাশাপাশি, রোগীর মৃত্যুর তিন মাস পরও তাঁর নামে চিকিৎসার বিল তৈরি করা হয়েছে। হায়দরাবাদের পাঞ্জাগুট্টায় অবস্থিত খ্যাতনামা ‘নিজামস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এনআইএমএস)-এর নথিপত্রে এমন অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনা হাসপাতালের বিলিং ব্যবস্থা এবং চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

গত ২৯ অক্টোবর এবং ২ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো (এসিবি), খাদ্য নিরাপত্তা বিভাগ, ড্রাগ কন্ট্রোল এবং শ্রম দপ্তরের বিশেষজ্ঞ দলের যৌথ অভিযানে এই ব্যাপক অনিয়ম ধরা পড়ে।

রোগীর মৃত্যুর কয়েক মাস পরেও বিল প্রক্রিয়াকরণ করা হচ্ছে। নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রোগীদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরও তাঁদের নামে প্রায় ৬৬ লাখ রুপির বিল এন্ট্রি করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে রোগীর মৃত্যুর তিন মাস পরও বিল পাস করা হয়েছে। বিশেষ করে সরকারি স্বাস্থ্যবীমা প্রকল্প ‘আরোগ্যশ্রী’-র আওতাভুক্ত রোগীদের ক্ষেত্রে এই জালিয়াতি সবচেয়ে বেশি ঘটেছে।

হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার (ওটি) পরিদর্শনের সময় দেখা যায়, ভেন্ডর বা সরবরাহকারীরা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ওটি এবং সাব-স্টোরের আলমারিতে প্রায় ৫ কোটি রুপি মূল্যের ইমপ্লান্ট ও অন্যান্য সরঞ্জাম মজুত করে রেখেছে। অভিযোগ উঠেছে, চিকিৎসক এবং নার্সিং স্টাফরা মূল স্টোরে কোনো চাহিদাপত্র না পাঠিয়েই সরাসরি ভেন্ডরদের কাছ থেকে এসব ইমপ্লান্ট সংগ্রহ করতেন। পরে ভেন্ডরদের ইনভয়েস ও ব্যবহারের সনদ জমা দিয়ে বিল তোলা হতো, যা বড় ধরনের দুর্নীতির সুযোগ তৈরি করেছিল।

এসিবি কর্মকর্তাদের চোখে পড়েছে সার্জিক্যাল সরঞ্জামের অস্বাভাবিক ব্যবহার। নথিতে দেখা যায়, এক সপ্তাহে একজন রোগীর জন্য ৮০০ গ্লাভস খরচ দেখানো হয়েছে। এসব অনিয়মের বেশিরভাগই ‘আরোগ্যশ্রী’ প্রকল্পের রোগীদের ঘিরে আবর্তিত হয়েছে। পাশাপাশি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত জনবল নিয়োগের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করা এবং কর্মী নিয়োগ ও শ্রেণিবিন্যাসেও ব্যাপক অনিয়ম ধরা পড়েছে।

যৌথ অভিযানে হাসপাতালের প্রধান ক্যান্টিনটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চলতে দেখা গেছে। সেখানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেছে এবং ক্যান্টিনটির কোনো ‘এফএসএসএআই’ নিবন্ধন ছিল না। ক্যান্টিনের টেন্ডার প্রক্রিয়ায় দরদাতাদের মধ্যে গোপন আঁতাত বা যোগসাজশের সন্দেহও করছেন তদন্তকারীরা।

এছাড়া হাসপাতালের ওষুধের দোকানগুলোতে বিক্রির বাধ্যতামূলক নথি সংরক্ষণ না করা এবং অনিবন্ধিত কর্মী নিয়োগের প্রমাণ মিলেছে। নিরাপত্তা পরিষেবার ক্ষেত্রে বারবার চুক্তির মেয়াদ বাড়ানো এবং চুক্তির শর্ত ভঙ্গকারী একটি সংস্থার ২৮ লাখ ১৩ হাজার রুপি ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত না করার মতো গুরুতর গাফিলতিও নজরে এসেছে।

অধিকতর তদন্তের স্বার্থে এসিবি ইতিমধ্যে হাসপাতালের গুরুত্বপূর্ণ ফাইল, চুক্তিপত্র এবং অন্যান্য নথিপত্র জব্দ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইআরএফ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবায় চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ইআরএফ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবায় চুক্তি স্বাক্ষর

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তিটি সোমবার (২৩ নভেম্বর) স্বাক্ষরিত হয়। এর ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং ইআরএফ সদস্যরা স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা লাভ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাইন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এডমিন) মুহা. হাফিজুর রহমান এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. দুলাল হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাসেম এবং অফিস সম্পাদক মো. জাকির হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এসএম শাহজাহান সিরাজ, সিনিয়র জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সোহরাব আকন্দ এবং সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট মো. হিরো মিয়া। এছাড়া ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহ-সাধারণ সম্পাদক মানিক মুন্সতাসির এবং সিনিয়র সদস্য মো. আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল থেকে কর্পোরেট স্বাস্থ্যসেবার বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা লাভ করবেন।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, এই চুক্তির মাধ্যমে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ এবং সুবিধাজনক হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%