প্রিন্ট এর তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ১২:১১ এম || প্রকাশের তারিখঃ ৮ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:২৬ পি.এম
চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এসডিএফ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আরইএলআই প্রকল্পসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাস্টার অফিসার ও পিরোজপুর জেলা সমন্বয়ক মো. আমিনুল ইসলাম, ক্লাস্টার অফিসার মো. জহির খান, ডাটা এন্ট্রি অপারেটর মো. কামরুজ্জামান টিপুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এতে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনও উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বক্তারা আরও বলেন, তাঁরা কোনো করুণা চান না, বরং নিজেদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চান। তাঁদের চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর আগে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করা; আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ ও চাকরিচ্যুতি না করা; নতুন প্রকল্পের বরাদ্দ নিশ্চিত করে বর্তমানে কর্মরত এবং প্রকল্প থেকে বাদ পড়া (ফেইজ আউট) রিলাই ও ফ্যাসিলিটি স্টাফদের কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া।
এ ছাড়া এসব দাবি বাস্তবায়ন না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিও জানান তাঁরা।
এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী মো: আমিনুল ইসলাম ও জহির মাহমুদ খান বলেন, এ আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়। এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তাঁরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নন; বরং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মসূচি থেকে এসডিএফের হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"