শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:১০ পি.এম
বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করার ঘটনায় তিন দিন পর মো. রাকিব খান (২৬) নামে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাকিব খান উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নজরুল ইসলাম খানের পুত্র।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিব খানের অবস্থান শনাক্ত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাকিব খান এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
মোংলা থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ নভেম্বর রাতে মোংলার শিকারির মোড় এলাকার গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় রাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মোংলা থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে একটি অ্যাপ, সফটওয়্যার অথবা অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন সেতু, ফ্লাইওভার এবং টোল প্লাজায় টোল পরিশোধ করা সম্ভব হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ আশা প্রকাশ করেছেন যে, আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এই সেবা চালু করা সম্ভব হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় তিনি এসব তথ্য জানান। এই কর্মশালার আয়োজন করা হয় যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই টোল সিস্টেমের মতো প্রত্যেকটি টোল সিস্টেমে যেন একই অ্যাপ, সফটওয়্যার অথবা একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুর সেতুর টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে। এপিআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে দুটি ভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ করা সম্ভব।
সেতু বিভাগের সচিব জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপ তৈরি করছে। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর নাগাদ সফটওয়্যার পাওয়া গেলে আগামী রোজার ঈদের আগেই এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
নতুন ব্যবস্থায় টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে জমা হবে। তিনি বলেন, এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে, সে বিভাগ সে টাকা পাবে। যেমন—সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে, সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে।
তবে এ ব্যবস্থা কার্যকর করার জন্য সব টোল প্লাজায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এ জন্য টেকনিক্যাল কমিটি অভিন্ন স্পেসিফিকেশন নির্ধারণ করেছে বলেও তিনি জানান।
বর্তমানে সড়কপথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিতে বিভিন্ন সংস্থার আলাদা নিবন্ধনের বাধ্যবাধকতা বিদ্যমান। তবে নতুন ব্যবস্থায় এ ধরনের ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব।
তিনি জানান, গাড়ির মালিকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের মূল তথ্য সংগ্রহ করা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার থেকে। পাশাপাশি আরএফআইডি ট্যাগ ও রিড ক্যাপাসিটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
যেসব টোল প্লাজা এ ব্যবস্থার আওতায় আসবে, সেখানে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক কিংবা ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিভিন্ন পেমেন্ট মাধ্যম যুক্ত করে একটি ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।
এতে যানবাহন ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল দেওয়ার জন্য থামতে হবে না। গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ালেট থেকে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আদমদিঘী থানা পুলিশ সাইবার সুরক্ষা মামলায় গ্রেফতার করেছে তিনজনকে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিসরুল হামিদ ফুতু, যিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক। এছাড়া আদমদীঘী উপজেলা যুবলীগের সভাপতি শানিনুর ইসলাম মন্টি এবং সাবেক ছাত্রলীগ নেতা টিপু সুলতানও গ্রেফতার হয়েছেন।
স্থানীয় থানা পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সান্তাহার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আদমদীঘী থানার ওসি মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনজনিত অস্থিতিশীলতার প্রেক্ষাপটে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত এই নাশকতার ফলে থানার ক্ষতি হওয়ার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্ব প্রদর্শন করেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
সূত্র থেকে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের কারণে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি এবং পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা সৃষ্টি হয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানার অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে।
এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তিনি প্রত্যাশা করেন, ভবিষ্যতে দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। পাশাপাশি এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্য অত্যন্ত গর্বের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ প্রকৌশলী তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উচ্চশিক্ষার সুযোগ, ব্যবহারিক প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধাসম্পন্ন চারটি বিশেষায়িত বিভাগ নিয়ে গঠিত প্রতিষ্ঠানটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কারিগরি উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
গত ১৮ নভেম্বর, কলেজটির অবকাঠামোগত উন্নয়নে নতুন করে ৪১ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে বস্ত্র অধিদপ্তর। আগের বরাদ্দসহ দুই ধাপে প্রতিষ্ঠানটির উন্নয়নে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৮৫ লাখ টাকায় পৌঁছেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তর গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত বরাদ্দ আদেশ জারি করে।
অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে ২০২৬-২৭ অর্থবছরের ‘অন্যান্য ভবন ও স্থাপনা মেরামত’ খাতে এ অর্থ অনুমোদন দেওয়া হয়। এর আগে একই প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৩ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ