প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ যেন আর না বাড়ে। তারা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান দ্রুত খুঁজে বের করার গুরুত্বও তুলে ধরেছেন।
স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশকেন্দ্রে দুই নেতা বৈঠক করেন। বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই বিষয়গুলো জানানো হয়।
বিবৃতিতে বৈঠকটিকে ‘অসাধারণ’ এবং ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাশিয়া যেন ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের বিস্তার ঘটানোর জন্য কোনো পদক্ষেপ না নেয়, সে বিষয়ে তারা আলোচনা করেছেন। পাশাপাশি, যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান দ্রুত খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন।
ট্রাম্প এবং রুটের এই আহ্বান এমন একটি সময়ে এসেছে, যখন গত সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন।
ট্রাম্পের এই মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আপত্তি জানিয়েছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।’
বুধবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্পের পুতিনকে বন্ধু বলার বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটেকে প্রশ্ন করা হয়।
রুটে জবাবে বলেন, চীনের শেনজেনে বৈঠকসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প মূলত পুতিনের আন্তরিকতা যাচাই করছেন। তিনি বোঝার চেষ্টা করছেন, পুতিন আলোচনার টেবিলে বসতে চান কি না এবং সত্যিকার অর্থে আলোচনায় যুক্ত হতে প্রস্তুত কি না।
রুটে আরও বলেন, ‘আমাদের চাপ অব্যাহত রাখতে হবে। আমার মনে হয়, এই চাপ কাজ করছে। তাই এটি ধরে রাখা জরুরি।’
ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেনের তুলনায় রাশিয়ার প্রতি বেশি নমনীয় অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। তবে পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান চান।
এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। এখন পর্যন্ত এসব আলোচনায় অংশ নিয়েছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তবে ইউরোপের কয়েকটি দেশও আলোচনায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ন্যাটোর মহাসচিব রুটে বলেছেন, যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।
তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হলে, তা শান্তিচুক্তির মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায় না থাকলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির মাধ্যমে—ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
রুটে আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। একই সঙ্গে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে।
তথ্যসূত্র: গলফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন