প্রিন্ট এর তারিখঃ ১৩ই নভেম্বর, ২০২৬ইং; ১২:৪৬ এম || প্রকাশের তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:০৯ পি.এম
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান ও পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। তিনি বলেছেন, বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার মানুষের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা নিতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসনসেবা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতামত দেন কমিটির সদস্যরা।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সেন্টারের সেবার পরিধি সম্প্রসারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধি এবং সেবা প্রদানের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) দিলসেতারা চুনি, অ্যাডভোকেট সালেহা পারভিন ডলি, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম আহসান উল্লাহ সরকার, সেফ হোমের সোশ্যাল ওয়ার্কার মোছাঃ শামসুন্নাহার, ইউসেপ প্রতিনিধি মোঃ শামসুল তাব্রেজ এবং ব্লাস্টের রাজশাহী ইউনিট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"