প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাহাড়ঘেরা কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬। সোমবার সকালে রাঙামাটির কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন অবতরণ ঘাটে। এতে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল এবং নারী বিভাগে একই বাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটির দুজনসহ মোট ২০ জন সাঁতারু অংশ নেন।
পুরুষ বিভাগে সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা সফলভাবে শেষ করা অন্য সাঁতারুদেরও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে অসংখ্য প্রতিভাবান সাঁতারু উঠে এসেছে। এসব প্রতিভাবান সাঁতারু একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে নৌবাহিনী কাজ করছে। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কাপ্তাই লেকে এমন আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাঙামাটির পর্যটন সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন