প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মোটরসাইকেল আরোহীর, যাদের নাম আ. ছালাম (২৮) ও মো. শাওন (১৭)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব ঘটনা ঘটে উপজেলার বিনাউটি ইউনিয়ন ও পৌর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
নিহত আ. ছালাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পাবনার বাসিন্দা মো. ওমর সানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তিনলাখপীর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পৌঁছালে ছালাম বুকে ব্যথা অনুভব করতে থাকেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় ওমর সানি তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ছালামের মৃত্যুর কারণ নিয়ে তার পরিবার সন্দেহ প্রকাশ করেছে। হাসপাতালে ছালামের বাবা অভিযোগ করেন যে, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর ছালামের সঙ্গে থাকা মো. ওমর সানিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কসবা পৌর এলাকার বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সামনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. শাওন (১৭) কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি নিজের নিবন্ধনবিহীন পালসার এনএস১৬০ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ না থাকার কথা জানানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
কসবা থানা পুলিশ জানায়, পৃথক দুই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন