প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমিহীন কৃষকদের মধ্যে খাসজমি বন্দোবস্তের আন্দোলন এবং জাতীয় সম্পদ রক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকৃত ভূমিহীনদের খাসজমির অধিকার নিশ্চিত করার আন্দোলন এগিয়ে নেওয়াই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।
গণসংহতি আন্দোলনের (জিএসএ) কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় সহসভাপতি এস এম আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দলীয় কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় এ স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা। বক্তারা এস এম আমজাদ হোসেনের রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় উপদেষ্টা নাজার আহমেদ, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রমখাতবিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন এবং জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সহসভাপতি আব্দুল মান্নান ভাসানী।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন আজীবন রাজনৈতিক সংগ্রামে নিজেকে যুক্ত রেখেছিলেন। বিশেষ করে ভূমিহীন কৃষকদের জন্য খাসজমি বন্দোবস্তের আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি নিবেদিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, গ্রামের ভূমিহীন মানুষকে ঐক্যবদ্ধ করে ভূমিদস্যুদের দখল থেকে খাসজমি উদ্ধার এবং প্রকৃত ভূমিহীনদের মধ্যে তা বণ্টনের আন্দোলনে আমজাদ হোসেন ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি কখনো পিছপা হননি কিংবা অবহেলা করেননি। সবকিছুর আগে তিনি রাজনৈতিক সংগ্রামকে অগ্রাধিকার দিয়েছেন। আজীবন সংগ্রামী আমজাদ হোসেন তার কর্মের মধ্য দিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকৃত ভূমিহীনদের খাসজমির অধিকার নিশ্চিত করার আন্দোলন এগিয়ে নেওয়াই হবে আমজাদ হোসেনের সংগ্রামের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। তিনি যে লক্ষ্য নিয়ে আজীবন লড়াই করেছেন, তারা সেই পথেই রয়েছেন। তার লড়াই-সংগ্রাম আরও বেগবান করাই তাঁদের অঙ্গীকার।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক দীপক রায়, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন বিপা, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মহব্বত হোসেন মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন