০৫:০৭ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে নতুন করে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৮ জনে পৌঁছেছে। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন এবং মৃত্যু হয় ২ জনের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং মৃত্যু ১ জন। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৬৮ জন।
গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩২৩ জন এবং মৃত্যু হয়েছিল ৪৫ জনের। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন, যার মধ্যে মৃত্যু হয় ১০৭ জনের। ২০২২ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৪৪৫ জন, যার মধ্যে মারা যান ৪১ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। এতে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত ও একাডেমিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি মন্তব্য করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডেডিকেটেডভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে প্রশাসনিক সহযোগিতা প্রদান করেছেন।
তিনি আরও বলেন, যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি পাচ্ছে এবং অনেকের অজান্তেই তারা বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ছে, যা উদ্বেগের বিষয়। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি।
ODM-এর সভাপতি জয় দাস বলেন, আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বললে অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের মূল উদ্দেশ্য হল ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।
তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই। হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুম্বাইয়ের মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে বলিউড অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) মামলাটির তদন্তের অংশ হিসেবে ‘রাজ’ অভিনেতাকে হেফাজতে নেয় বলে জানা গেছে।
গ্রেপ্তারের পূর্বে, মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে প্রায় আট ঘণ্টা ধরে ডিনোকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে কথিত আর্থিক অনিয়মের তদন্ত করছে ইওডব্লিউ।
তদন্তকারীদের দাবি, এই অনিয়মের কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়ে থাকতে পারে।
ডিনো মোরিয়ার নাম এই মামলায় বেশ কিছুদিন ধরে উঠছে। গত বছরের জুনে, অভিনেতার বান্দ্রার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সময়ে মুম্বাই ও কোচির আরও ১৪টি জায়গায় অভিযান পরিচালিত হয়। ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়ার বাড়ি ছাড়াও ঠিকাদার ও মধ্যস্থতাকারীদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থাটি।
মিঠী নদীর পলি অপসারণের জন্য দেওয়া বিভিন্ন চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত এগোচ্ছে। ঠিকাদার, মধ্যস্থতাকারী ও পৌরসভার কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি কীভাবে চুক্তি দেওয়া হয়েছিল এবং অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা তদন্ত করছেন ইওডব্লিউর কর্মকর্তারা।
তদন্তে এর আগে ১৮ লাখ রুপি ‘ইউবিও রাইডজ’ নামে একটি সংস্থায় স্থানান্তরের তথ্য সামনে আসে। ওই সংস্থার অন্যতম পরিচালক ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়া। পুলিশ কর্মকর্তাদের দাবি, মামলার অন্যতম মূল অভিযুক্ত কেতন কদম ওই অর্থ স্থানান্তর করেছিলেন। মিঠী নদীর পলি অপসারণ সংক্রান্ত কথিত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তবে মামলায় ডিনো মোরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তাকে কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়নি।
বলা দরকার, ২০০২ সালে মুক্তি পাওয়া ‘রাজ’ সিনেমা দিয়ে পরিচিতি পান ডিনো মোরিয়া। বিপাসা বসুর সঙ্গে তার রসায়ন দর্শক মনে জায়গা করে নিয়েছিল। এরপর এই অভিনেতাকে দেখা যায় ‘আকসার’, ‘পেয়ার মে কাভি কাভি’, ‘গুনাহ’, ‘নিউ ইয়ার’সহ বেশ কিছু সিনেমায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর আবেদন জানিয়ে এজাহার দায়ের করা হয়েছে।
শুক্রবার( ২ অক্টোবর) এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর (বেড়িগাঁও) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় বাসিন্দা মজমিল আলী মজইয়ের বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
পরে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির বসতঘরের একটি কক্ষ থেকে সাদা রঙের ব্যাগে রাখা ১৩ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। বোতলের গায়ে ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডিন ফসফেট সিরাপ উল্লেখ রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা সিরাপের পরিমাণ ১ হাজার ৩০০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা সিরাপ জব্দতালিকামূলে জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পলাতক মজমিল আলী মজই (৩২), পিতা—মৃত রহিছ আলী, মাতা—রাশিদা বেগম, সাং—সঞ্জরপুর (বেড়িগাঁও), ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া, মৌলভীবাজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা রুজুর আবেদন জানিয়ে এজাহার দায়ের করা হয়েছে।
তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি সম্পর্কে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ