সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:০৫ পি.এম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময় তাকে আটক করা হয়।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম সোমবার (২৩ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইডেন আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সূত্রের দাবি, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার পাসপোর্ট নম্বরও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বর্তমান অবস্থা, দেশত্যাগের উদ্দেশ্য এবং গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
তানিয়া আক্তার তাপসী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে ভাইরাল হয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে আসার পর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করে আটক করেন এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর কিংবা ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়নি।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। রাস্তাঘাটে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল ও মোতায়েন দেখা গেছে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘কালিয়াকৈর আমাদের শিল্পের প্রাণ। এখানে লাখ লাখ শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা শান্তিতে কাজ করবেন, মালিকেরা শান্তিতে কারখানা চালাবেন এবং ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবেন- এটাই আমাদের লক্ষ্য। কোনো ধরনের ভাঙচুর, অশান্তি ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে আছে। রাজনৈতিক কর্মী, শ্রমিক ও মালিক সবাই মিলে আমরা কালিয়াকৈরকে শান্ত রাখব।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ‘সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও সহকারীরা কাজে ফিরেছেন। কালিয়াকৈর-চন্দ্রা-ঢাকা সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকেরা সকাল থেকেই কাজে যোগদান করেছেন। কারখানার সামনে কোনো উত্তেজনা নেই এবং শ্রমিক উপস্থিতি প্রায় শতভাগ। কালিয়াকৈর বাজার, চন্দ্রা মোড়, শ্রীফলতলী মোড়, মৌচাক ও সফিপুর এলাকার ব্যস্ত সড়কে বাস, ট্রাক, অটোরিকশা ও পিকআপ স্বাভাবিকভাবে চলাচল করছে। পুলিশের পাশাপাশি যুবদলের কর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে দেখা গেছে।
এক পোশাকশ্রমিক বলেন, ‘আমরা কাজ করতে চাই, ঝামেলা চাই না। আজ পরিবেশ ভালো থাকায় নির্বিঘ্নে কারখানায় ঢুকেছি।’ আরেক নারী শ্রমিক বলেন, ‘সকালে কিছুটা ভয় লাগছিল, কিন্তু রাস্তায় পুলিশ দেখে ভয় কেটে গেছে। শান্তিতেই কাজে এসেছি।’
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, ‘কোনো ভাঙচুর বা অশান্তি হোক, তা আমরা চাই না। শ্রমিকেরা যাতে শান্তিতে কাজ করতে পারেন, সে জন্য পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা মাঠে আছি।’
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে জনমনে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলা রয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক। কালিয়াকৈর বাজারের এক ব্যবসায়ী বলেন, সকাল থেকে বেচাকেনা ভালো হচ্ছে। শিল্পাঞ্চলের এই শান্ত পরিবেশ বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফলক দেব জানিয়েছেন, এদিন ভোরে দোকানে যাওয়ার সময় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, রবিবার পুকুরের পাশে এক নারীকে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। কিছু লোকের ধারণা, মরদেহটি ওই নারীর হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের ৩৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। যদিও কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে, তবে সম্পর্কের বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি তারা। জন্মদিনের এই বিশেষ দিনে কার্তিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে শ্রীলীলা তাকে ‘ডোপামিনের উৎস’ হিসেবে উল্লেখ করেছেন।
রবিবার (২২ নভেম্বর) শ্রীলীলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কার্তিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের ডোপামিনের উৎস কার্তিক আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে শুটিং থেকে একটু বিশ্রাম নিও।’
২০২৫ সালের মার্চ মাসে পরিচালক অনুরাগ বসুর একটি রোমান্টিক মিউজিক্যাল ছবির শুটিং শুরু করেন কার্তিক ও শ্রীলীলা। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। কার্তিকের বোন কৃতিকা তিওয়ারির একটি অনুষ্ঠানে শ্রীলীলার উপস্থিতি সেই জল্পনা আরো বাড়িয়ে দেয়।
কার্তিকের মা মালা তিওয়ারি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ছেলের জন্য পরিবারের পছন্দ একজন চিকিৎসক। শ্রীলীলা চিকিৎসাবিষয়েও পড়াশোনা করেছেন, তাই ভক্তরা এই মন্তব্যের সঙ্গে তাকে মিলিয়ে দেখতে শুরু করেন।
তবে ২০২৫ সালের এপ্রিলে কার্তিক জানিয়েছিলেন, তিনি অবিবাহিত এবং কারও সঙ্গে প্রেমের সম্পর্কে নেই। ওই বছরের সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উদযাপনে দুই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন আরো ছড়ায়। যদিও ২০২৬ সালের মে মাসে শ্রীলীলার মা স্বর্ণলতা এসব খবর নাকচ করেন। তিনি জানান, কার্তিকের মাকে তিনি পেশাগতভাবে চেনেন, কারণ দুজনই স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
এদিকে, অনুরাগ বসু পরিচালিত কার্তিক ও শ্রীলীলার নামহীন রোমান্টিক মিউজিক্যাল ছবিটি ২০২৭ সালের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং সংগীত পরিচালনায় রয়েছেন প্রীতম।
অন্যদিকে, কার্তিক বর্তমানে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিটি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে ভারতের নাগরিকদের সরিয়ে আনার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন ‘চাক দে! ইন্ডিয়া’খ্যাত শিমিত আমিন। টি-সিরিজ, বাওয়েজা স্টুডিওস ও ডোপামিন স্টুডিওস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ