প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ খবর অনুযায়ী, বেলজিয়াম ও সুইডেনের বেশ কয়েকটি সুপারমার্কেট এবং বেলজিয়ামের একটি আইকিয়া বিপণিবিতানে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ খাবার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলজিয়ামের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বেলজিয়ামে ক্যারেফোরের প্রায় ৭০০ দোকানের মধ্যে ১৫টিতে এই হামলার প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র মিশ ভারগাউয়েন জানান, "এটি সাইবার হামলা, অন্য কোনো কারণে এমনটি ঘটেনি।"
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মন্স শহরে আইকিয়ার একটি বিপণিবিতানেও হামলা হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, সোমবার ভোরে সেখানকার ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। বেলজিয়ামে আইকিয়ার অন্য দোকানগুলোতে ভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবহার করায় সেগুলো এ হামলার শিকার হয়নি।
এ ছাড়াও, ডেলহেইজ সুপারমার্কেট চেইনের কয়েক ডজন দোকানে তথ্যপ্রযুক্তিগত সমস্যার কারণে শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি সরাসরি সাইবার হামলার কথা নিশ্চিত করেনি। ব্রাসেলসের উত্তর-পূর্বাঞ্চলের বোর্টমেরবেক এলাকার একটি দোকানে এএফপির প্রতিনিধি গিয়ে দেখেন, ফ্রিজ ও ডিপ ফ্রিজ খালি। সেখানে টাঙানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, "হ্যাকারদের হামলার কারণে এসব তাক খালি রাখা হয়েছে।"
কলরুইট ও ইন্টারমারশে সুপারমার্কেট চেইনও তাদের কয়েকটি দোকানে ফ্রিজসংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কলরুইটের পাঁচটি এবং ইন্টারমারশের প্রায় ১৫টি দোকানে এই সমস্যা দেখা দেয়। তবে এগুলো সাইবার হামলার কারণে হয়েছে কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠান দুটি।
ইন্টারমারশের এক মুখপাত্র জানান, "কিছু ক্ষেত্রে মাত্র একটি ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সামগ্রিকভাবে প্রভাব তুলনামূলক সীমিত ছিল।" রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে।
এদিকে, বেলজিয়ামের পাশাপাশি সুইডেনের আইসিএ ও কোপ সুপারমার্কেট চেইনের কয়েকটি দোকানেও সোমবার সকালে ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠান দুটি।
দক্ষিণ সুইডেনের শোবো শহরের আইসিএর একটি দোকান ফেসবুকে জানিয়েছে, তাদের ফ্রিজ ও ডিপ ফ্রিজ হ্যাক করে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এতে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এর আগে গত ১২ অক্টোবর ফ্রান্সের ৫০০টির বেশি সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। এতে খাবার নষ্ট হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ পণ্য ফেলে দিতে হয়। পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন