প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া শতাধিক শিক্ষার্থীর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপিটি প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)’। প্রতিনিধি দলের সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে একটি এনজিও কর্তৃক সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ঘটলে এনজিও গাক-কে কঠোর আইনের আওতায় আনা উচিত। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা তিন মন্ত্রণালয়ে পত্র দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কোমলমতি শিশুদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা বারবার গণমাধ্যমে এসেছে। ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’
এ সময় আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, সুস্মিতা খানম ঐশীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী সংগঠনটির কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ স্বাভাবিক ও সঠিক রাখতে তাদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন