প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন (এওআইসি) যা এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু আন্দোলনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত “ফ্রম মাউন্টেইনস টু সি : ব্রিংইং এশিয়া-প্যাসিফিক ইয়ুথ প্রায়োরিটিজ টু দ্য ইউএনএফসিসিসি” শীর্ষক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা, যারা আঞ্চলিক জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন এবং বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
২০২৬ সালে আয়োজক সংগঠক সিক্ত বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের মোট ১২টি যুব সংগঠনের সহায়তায় বাংলাদেশে ‘রিজিওনাল কনফারেন্স অব ইয়ুথ (আরসিওয়াই) এপ্যাক ২০২৬’-এর অর্জন ও অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন। এটি এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন, নেটওয়ার্ক এবং জলবায়ু অধিকারকর্মীদের একটি আঞ্চলিক জোট হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হলো জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সংহতি, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়া।
এশিয়ার বিভিন্ন দেশে তরুণরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তবে অনেক সংগঠন বিচ্ছিন্নভাবে কাজ করছে এবং তারা প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অর্থায়ন, আঞ্চলিক যোগাযোগ ও জলবায়ু নীতিনির্ধারণে কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের অন্যতম উদ্দেশ্য হলো এই সীমাবদ্ধতা দূর করে তরুণদের উদ্যোগগুলোকে একটি স্থায়ী আঞ্চলিক প্ল্যাটফর্মে যুক্ত করা।
জোটটির প্রধান লক্ষ্যগুলো
এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু নেটওয়ার্কগুলোর মধ্যে সংযোগ ও সহযোগিতা তৈরি।
ইউএনএফসিসিসি আলোচনা এবং জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের অগ্রাধিকার ও দাবি তুলে ধরা।
তৃণমূল পর্যায়ের যুব সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক, আইনি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা।
যৌথ প্রচারণা, আন্তর্দেশীয় উদ্যোগ এবং সমন্বিত প্রকল্প ও অর্থায়নের সুযোগ তৈরি।
অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও তরুণদের নেতৃত্বাধীন ক্লাইমেট পলিসি প্রভাবিত করা।
প্রস্তাবিত কাঠামো ও পরিচালনা প্রক্রিয়া
এশিয়ান ইয়ুথ কোয়ালিশন একটি সদস্যভিত্তিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়ার পরিকল্পনা করেছে। এর প্রস্তাবিত কাঠামোতে থাকবে একটি সচিবালয়, নির্বাচিত স্টিয়ারিং কমিটি এবং সদস্য সংগঠনসমূহ।
প্রস্তাব অনুযায়ী, সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি জোটের কার্যক্রম পরিচালনা করবে এবং পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের কাজ সমন্বয় করবে। সচিবালয় সামগ্রিক সমন্বয়, অংশীদারত্ব, সম্পদ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করবে।
প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। সদস্য সংগঠনগুলো নিজ নিজ দেশে কার্যক্রম পরিচালনা করবে এবং আঞ্চলিক পর্যায়ে যৌথ উদ্যোগ, নীতিগত অবস্থান, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় অংশ নেবে।
জোটটির চূড়ান্ত পরিচালন কাঠামো, সদস্যপদ নীতিমালা ও প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব আরসিওয়াই এপ্যাক-এর সহ-আয়োজক এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এওয়াইসি গভর্ন্যান্স চার্টার-এ চূড়ান্ত করা হবে।
আঞ্চলিক সংহতি থেকে সম্মিলিত উদ্যোগ
এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়াজুড়ে তরুণদের জলবায়ু আন্দোলনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে শুধু সম্মেলন বা আন্তর্জাতিক জলবায়ু আয়োজনের সময় নয়, বরং বছরজুড়েই তরুণদের মধ্যে সহযোগিতা ও কার্যকর যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন বা তাঁদের নিয়ে কাজ করা সংগঠনসহ প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে।
এই জোটের মাধ্যমে এশিয়ার তরুণদের একসঙ্গে কাজ করার, অভিজ্ঞতা বিনিময়ের এবং জলবায়ু ন্যায়বিচারের জন্য সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।
আয়োজকদের মতে, এশিয়ান ইয়ুথ কোয়ালিশন কেবল একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নয়ঃ এটি তরুণদের আন্দোলনকে সংযুক্ত করা, সম্মিলিত কণ্ঠকে শক্তিশালী করা এবং আঞ্চলিক সংহতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা।
এশিয়ান ইয়ুথ কোয়ালিশন-এর প্রত্যয় হলো ‘আমাদের অঞ্চল। আমাদের কণ্ঠস্বর। আমাদের সম্মিলিত ভবিষ্যৎ’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন