প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আটজন পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকের অসামান্য একাডেমিক সাফল্যের স্বীকৃতি প্রদান করেছে। এই অনুষ্ঠানের নাম ছিল ‘অ্যা গ্র্যান্ড রিসেপশন অনারিং দ্য পিএইচডি অ্যাওয়ার্ডেড ফ্যাকাল্টি মেম্বারস’। অনুষ্ঠানে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষের গুরুত্ব নিয়ে আলোচনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা হয়।
যেসব শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়, তারা হলেন- অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মো. আনিসুর রহমান প্রামাণিক, ড. মো. আকবর হোসেন, ড. রাবেয়া সরকার এবং অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ।
প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি শিক্ষকদের এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, "পিএইচডি ডিগ্রি অর্জন দীর্ঘদিনের অধ্যবসায়, নিষ্ঠা, মেধা ও জ্ঞানচর্চার প্রতিফলন।" তিনি বিশ্ববিদ্যালয়কে কেবল প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও মুক্তচিন্তার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। নবীন পিএইচডি ডিগ্রিধারীদের অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর পরামর্শও দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম অনুষ্ঠানে বলেন, "যোগ্য, দক্ষ ও গবেষণামুখী শিক্ষক একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান সম্পদ।" তিনি শিক্ষকদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের পাঠদানের মান ও গবেষণার সক্ষমতা বাড়াবে বলেও উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ গবেষকদের দিকনির্দেশনা দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এস. কে. পাটোয়ারী এবং সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা বক্তব্য দেন।
সংবর্ধনাপ্রাপ্ত আটজন শিক্ষক তাদের পিএইচডি অর্জনের দীর্ঘ যাত্রা, গবেষণার অভিজ্ঞতা ও অধ্যবসায়ের গল্প তুলে ধরেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমানের সঞ্চালনায় গর্ব, আনন্দ ও পারস্পরিক শ্রদ্ধার আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন