১১:১৬ এম
আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া, এতে আহত হয়েছেন আরো সাতজন।
পরে বন্দুকধারী নিজের গুলিতেই প্রাণ হারান। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
টুইন ফলস শহরের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস রবিবার জানিয়েছেন, হামলাকারী চ্যাড উইলিয়ামস নিজের গুলিতেই মারা গেছেন। তার বয়স ২৪ বছর। পুলিশ প্রধান আরও জানান, ঠিক কি কারণে এই হামলা চালানো হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই তদন্তে হামলাকারীর স্বজনরা পুলিশকে সাহায্য করছেন। সিবিএস নিউজ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু আগে এ ঘটনা ঘটে。
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে দোকানের পার্কিং এলাকা থেকে মানুষজন পালিয়ে যাচ্ছেন।
ভিডিওতে আরো দেখা যায়, অস্ত্রের মতো দেখতে একটি জিনিস হাতে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি একটি দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খুলছেন। রবিবার সাংবাদিকদের হিকস বলেন, 'উদ্ধারকারীরা এসে খুব ভয়াবহ এক পরিস্থিতি দেখতে পান। একজন পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি খুব কমই দেখেছেন।'
পুলিশ প্রধান জানান, ডিউটিতে না থাকা এক পুলিশ কর্মকর্তা এবং এক সাধারণ নাগরিক উইলিয়ামসকে বাধা দেন। তখন হামলাকারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়।
হিকস বলেন, 'আমাদের ধারণা, তাদের এই প্রতিরোধের কারণেই হামলাকারী পালিয়ে যেতে বাধ্য হন। ফলে আরো অনেকের জীবন বেঁচে যায়।' তিনি আরও জানান, আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বাকি তিনজন আশঙ্কামুক্ত আছেন। ইন্-অ্যান-আউট নামক সেই রেস্তোরাঁর প্রেসিডেন্ট লিনসি স্নাইডার এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে তাদের একজন নারী কর্মীও ছিলেন, কিন্তু তিনি ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করেননি। স্নাইডার জানান, হামলা শুরুর সময় ওই কর্মী গ্রাহকদের সেবা দিচ্ছিলেন।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
সিবিএস নিউজকে এফবিআইয়ের একজন মুখপাত্র জানান, স্থানীয় পুলিশকে প্রাথমিক তদন্তে সাহায্য করতে তাদের এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লিনসি স্নাইডার হামলায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেন, এই সহিংসতার শিকার এবং মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী সবার প্রতি তিনি সহানুভূতি জানাচ্ছেন। স্নাইডার বলেন, 'আমরা সবাই একসঙ্গে দাঁড়াব। এই ঘটনা থেকে শিক্ষা নিতে আমরা সব ধরনের চেষ্টা করবো।' উল্লেখ্য যে, টুইন ফলস শহরটি আইডাহোর দক্ষিণ অঞ্চলে অবস্থিত। রাজ্য রাজধানী বোয়েসি থেকে এটি দক্ষিণ-পূর্বে প্রায় ১২০ মাইল দূরে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন