প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল উপজেলাসহ দেশের অন্যান্য অঞ্চলে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি চা বাগানের পঞ্চায়েত কমিটি গঠনের উদ্দেশ্যে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ নির্বাচনে বাহুবল উপজেলার ১১টি চা বাগানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭২৪ জন। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন নারী ভোটার এবং ১ হাজার ৯৮৭ জন পুরুষ ভোটার রয়েছেন। নির্বাচনে ৩৯টি প্যানেলে মোট ৫৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।
নির্বাচন উপলক্ষে উপজেলার নির্ধারিত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—মধুপুর চা বাগান অফিস, রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়জাবাদ ফাঁড়ি অফিস, ফয়জাবাদ কোয়ার্টার অফিস, রামপুর চা বাগান অফিস, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে কয়েকটি স্থানে একাধিক ভোটকেন্দ্র রয়েছে।
আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ও মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ইতোমধ্যে ১১টি কেন্দ্রে নির্বাচনী মালামাল প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোর শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কারা দায়িত্ব পান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিক ও ভোটাররা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন