০৬:৪৯ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, পুরান ঢাকার চকবাজারে ব্যাপক চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা চরম নাজেহাল অবস্থায় রয়েছেন। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি এই চাঁদাবাজি ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি হুঁশিয়ারি দেন যে, যদি এসব সংকট ও জনদুর্ভোগের সমাধান করা না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।
এনসিপি রাজধানীজুড়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যস্ফীতি রোধসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
চকবাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চকবাজারের পরিস্থিতি অত্যন্ত নাজুক। এখানকার ব্যবসায়ীরা অব্যাহত চাঁদাবাজির শিকার হয়ে নাজেহাল হচ্ছেন। একই সঙ্গে কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন এ অঞ্চলের তরুণেরা। অতিদ্রুত এসব স্থানীয় সংকটের স্থায়ী সমাধান করতে হবে।’
এনসিপি নেতা সরকারের প্রতি আলটিমেটাম দিয়ে বলেন, ‘বিদ্যমান গ্যাস, পানি, বিদ্যুৎ ও সার সংকটের তাৎক্ষণিক সমাধান করতে হবে বিএনপি সরকারকে। জনদুর্ভোগ লাঘবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকারের পতন ঘটানো হবে।’
গণসংযোগ চলাকালে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং চলমান বৈষম্য ও দ্রব্যমূল্য বৃদ্ধিবিরোধী আন্দোলনের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন