ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শহীদ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তেহরানের কঠোর হুঁশিয়ারি


শহীদ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তেহরানের কঠোর হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে তেহরান নতুন করে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে।

দেশের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা কিংবা হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের চেষ্টা হলে তাৎক্ষণিক এবং কঠোরভাবে জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনব্যবস্থাকে (ইসরাইল) ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।’

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

আগামী ৪ জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে এই রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এই সময়ের মধ্যে কোম এবং ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা প্রদান করেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দেওয়া হবে।

জানাজার সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি তেহরান, মাশহাদসহ বিভিন্ন শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, সব তেলবাহী ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি আমেরিকার জন্য একটি আগ্রাসী খেলার মাঠ নয়; এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের আওতাধীন এলাকা।’ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর ‘লাল রেখা’।

‘খামেনির শাহাদাত পথচলার সমাপ্তি নয়’ বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘আমাদের নেতার শাহাদাত পথচলার সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা।’ খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এদিকে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আলোচনায় অংশ নেওয়া সূত্রগুলো জানিয়েছেন, বৈঠকে মূলত হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পারমাণবিক কর্মসূচির বিষয়টি এই দফার আলোচনায় ওঠেনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে যুদ্ধবিরতির জন্য স্বাক্ষরিত সমঝোতার বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। খামেনির দাফনের পর দুই দেশের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং দুই পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এবারের বৈঠকে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, এই বিষয়টি পরবর্তী দফার আলোচনায় তোলা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি প্রতিনিধিরা পৃথক বৈঠকে অংশ নেন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। আলোচনার শেষে কোনো পক্ষই মতপার্থক্য দূর করার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ এম


বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪৮ জন নামধারী নেতাকর্মীকে বিবাদী করে আদালতে নালিশী মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা পরিচয় দেয়া মো. মারজুক আব্দুল্লাহ। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ নালিশী মামলায় আনা অভিযোগ মহানগরীর উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান বিবাদী হলেন বরিশাল সিটির সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এছাড়াও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ ২৪৮ জন নামধারী রয়েছেন। এ বিষয়ে মামলার বাদী মারজুক আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

কিন্তু নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন সময় আগ্নেয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিস্ফোরক দ্রব্যে নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করে। এতে দেশের শান্তি শৃংখলা বিঘ্ন ঘটেছে। এছাড়াও তাদের প্রতিহত করতে গেলে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় জুলাই আন্দোলনের যোদ্ধাদের হত্যা করার হুমকি দেয়া হয়েছে। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, একটি নালিশী মামলা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশনকে) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে মোবাইল কোর্টে বিভিন্ন বেকারিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ এম


চাঁদপুরে মোবাইল কোর্টে বিভিন্ন বেকারিকে জরিমানা

চাঁদপুর সদর উপজেলার ছায়াবানীর মোড় ও হকার্স মার্কেট এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন বেকারিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এই সময় অনুমোদন বিহীন ফুড কালার, এসেন্স, ক্রিম ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন মোড়কজাত খাদ্যপণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির মতো বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ করা হয়।

উক্ত অপরাধের জন্য উল্লিখিত আইনের আওতায় ৩ জন দোকান মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন চাঁদপুরের এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে উড়ন্ত বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ এম


বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে উড়ন্ত বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২ জুলাই) জানায় যে, বিমানটির পাইলট ছিলেন ৬৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা লিউ, যিনি অতীতে একাধিকবার আত্মহত্যার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় দুই আসনের একটি সানওয়ার্ড SA60L অরোরা বিমানটি বিশ্বের অন্যতম কঠোর বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এড়িয়ে ১০৯ তলা ও ৫২৮ মিটার উঁচু সিটিক টাওয়ারে আঘাত হানে। দুর্ঘটনায় পাইলট নিহত হন এবং আরও ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়; একজন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চাওইয়াং জেলা সরকারের দেওয়া তথ্য অনুসারে, লিউ শুক্রবার বিকেলে উত্তর-পূর্ব বেইজিংয়ের একটি সাধারণ বিমানবন্দর থেকে প্রথমে একজন যাত্রীকে নিয়ে উড্ডয়ন করেন। এরপর তিনি একাই বিমান চালিয়ে নির্ধারিত ফ্লাইটপথ থেকে সরে যান। বিমানবন্দর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পর বিমানটি রাজধানীর কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার সিটিক টাওয়ারে আছড়ে পড়ে।

তদন্তে জানা গেছে, ২০২১ সালে পাইলটের লাইসেন্স পাওয়া লিউ ছিলেন স্বনিযুক্ত, তালাকপ্রাপ্ত এবং একাকী জীবনযাপনকারী। লিউয়ের ব্যক্তিগত ডায়েরিতে একাধিকবার জীবন শেষ করার ইচ্ছার উল্লেখ পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অনিদ্রা ও উদ্বেগজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই ঘটনা ব্যক্তিগত কারণেই ঘটেছে, যা জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

দুর্ঘটনার সময় ভবন থেকে কাচের টুকরো এবং বিমানের ধ্বংসাবশেষ নিচের সড়কে ছিটকে পড়ে। এতে সপ্তাহান্তের ছুটির আগে অফিস শেষ করে বের হওয়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে বেইজিংয়ের আকাশ প্রতিরক্ষা ও বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

এদিকে, ঘটনার পরপরই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দুর্ঘটনাসংক্রান্ত ভিডিও ও বিভিন্ন পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমও প্রথমদিকে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। পরে প্রায় এক দিন পর আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে চীনা কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজান কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ এম


রাউজান কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালি অনুষ্ঠিত

রাউজানে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাউজানের গহিরাস্থ কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলমান অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনকারীরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়াজী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির আহ্বায়কসহ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য ও সমাজসেবক ফজলুল আজিজ, সমাজসেবক মোহাম্মদ সোহাইব শিকদার, সিনিয়র শিক্ষক খোরশেদুল আলম, সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল মোনায়েম, সিনিয়র শিক্ষিকা শিরিন আক্তার, সহকারী শিক্ষিকা রেশমা আক্তার, সহকারী শিক্ষক ওহিদুল আলম, সহকারী শিক্ষক মো. শওকত-উল-আলম, সহকারী শিক্ষক মিথুন কুমার নাথ এবং সহকারী শিক্ষক রফিকুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%