প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিউনিসিয়ার কারাগারগুলোর মধ্যে বন্দিদের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটির মতে, ২০২৬ সালের জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন কারাগারে অন্তত ২৩ বন্দির মৃত্যু ঘটেছে। অভিযোগ করা হচ্ছে, প্রচণ্ড গরম, বিশুদ্ধ পানির অভাব, অতিরিক্ত বন্দির চাপ এবং চিকিৎসাসেবার অভাব এসব মৃত্যুর পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
একটি বিবৃতিতে অ্যামনেস্টি তিউনিসিয়ার কর্তৃপক্ষের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শুরু করার আহ্বান জানায়। তারা জানায়, তিউনিসিয়ার মানবাধিকার সংগঠন তিউনিসিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস (এলটিডিএইচ) জুলাই ও আগস্ট মাসে অন্তত ২৩ বন্দির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে ১২টি মৃত্যুর ঘটনা তারা নিজেদের পক্ষ থেকে যাচাই করেছে। এ জন্য নিহতদের পরিবারের সদস্য, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাক্ষ্য ও নথি পর্যালোচনা করা হয়েছে।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মোরায়েফ মন্তব্য করেন, "হেফাজতে থাকা প্রত্যেক ব্যক্তির জীবন ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের।" তিনি বলেন, রেকর্ড তাপমাত্রার মধ্যে বাতাস চলাচলের অনুপযোগী কক্ষে বন্দিদের আটকে রাখা এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না করা জীবনের অধিকারের গুরুতর লঙ্ঘন। কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তুলনায় ১৯৪ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির কারাব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত দেয়।
প্রচণ্ড গরম ও পানির সংকটে প্রাণহানি
অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে তিউনিসিয়ায় ১৯৫০ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন এবং বোতলজাত পানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
দেশটির বিভিন্ন কারাগারে অতিরিক্ত বন্দির চাপের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাব ছিল। কিছু কারাগারে বন্দিদের জন্য পানির পরিমাণও সীমিত করা হয়। অভিযোগ উঠেছে যে, কোথাও দিনে মাত্র এক লিটার অথবা দেড় লিটারের একটি বোতল পানি কেনার সুযোগ দেওয়া হয়েছিল।
কারাবন্দিদের স্বজনদের অভিযোগ, পানিশূন্যতা, শ্বাসকষ্ট এবং পানির অভাবে সৃষ্ট বিভিন্ন চর্মরোগে ভুগেছেন বন্দিরা। অসুস্থ হওয়ার পরও অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি। প্রয়োজনীয় ওষুধ সরবরাহে অনিয়ম এবং গুরুতর অসুস্থ বন্দিদের হাসপাতালে পাঠাতে বিলম্বের অভিযোগও উঠেছে।
মৃত্যুর খবর তিন দিন পর পেয়েছিল পরিবার।
অ্যামনেস্টির প্রতিবেদনে ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলা এদ্দিন আবদেলকাদেরের মৃত্যুর ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তিনি মর্নাগুইয়া কারাগারে বিচার-পূর্ব আটক অবস্থায় ছিলেন। প্রায় চার মাস বন্দি থাকার পর গত ২৮ আগস্ট তার মৃত্যু হয়।
আলার চাচা আবদেলমাজিদ বুয়াজিলা অ্যামনেস্টিকে জানান, মৃত্যুর দুই দিন আগে কারাগারে সাক্ষাতের সময় আলা তাকে নিজের দুর্বিষহ অবস্থার কথা জানিয়েছিলেন। অতিরিক্ত বন্দির কারণে গাদাগাদি করে থাকতে হচ্ছিল তাকে। কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। প্রচণ্ড গরমে শ্বাস নিতে ও ঘুমাতে কষ্ট হচ্ছিল। কখনো কখনো কয়েক দিন ধরে পানির সরবরাহ বন্ধ থাকত।
পরিবারের পর্যালোচনা করা হাসপাতালের নথি অনুযায়ী, ২৭ আগস্ট রাতে আলাকে চার্লস নিকোল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মধ্যরাতের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নথিতে মৃত্যুর কারণ হিসেবে হিটস্ট্রোক, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং কোমায় চলে যাওয়ার উল্লেখ ছিল।
আরও উদ্বেগজনক বিষয় হলো, আলার মৃত্যুর দিনও কারা কর্তৃপক্ষ তার মায়ের কাছ থেকে খাবার ও বই গ্রহণ করেছিল। কিন্তু ছেলের মৃত্যুর বিষয়টি তাকে জানানো হয়নি। তিন দিন পর এক আত্মীয় আলার কারা হিসাবের জন্য টাকা জমা দিতে গেলে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।
অ্যামনেস্টি জানিয়েছে, অন্তত ১২টি ঘটনায় কারা কর্তৃপক্ষ বন্দিদের গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর খবর তাদের পরিবারকে সময়মতো জানায়নি। কোনো কোনো পরিবার কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর স্বজনের মৃত্যুর খবর পেয়েছে।
ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি
অ্যামনেস্টি প্রিজন ইনসাইডার নামের একটি সংস্থার তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৫ সালে তিউনিসিয়ার কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার প্রায় ১৯৪ শতাংশে পৌঁছেছিল। কিছু কারাগারে পরিস্থিতি আরো ভয়াবহ। কাইরুয়ান কারাগারে বন্দির সংখ্যা ২৫১ শতাংশ, মর্নাগুইয়ায় ২১০ শতাংশ এবং গাবেস কারাগারে ২০৯ শতাংশে পৌঁছেছিল। অন্তত আটটি কারাগারে প্রত্যেক বন্দির জন্য দুই বর্গমিটারেরও কম জায়গা বরাদ্দ রয়েছে।
এ ছাড়া স্বাধীনভাবে কারাগার পরিদর্শন ও বন্দিদের পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষেত্রেও বাধার অভিযোগ তুলেছে অ্যামনেস্টি। তিউনিসিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে বিভিন্ন কারাগার পরিদর্শনের অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়ছে তারা।
গত ২১ জুলাই সোস অঞ্চলের সংগঠনটির একটি শাখাকে মেসাদিন কারাগার পরিদর্শনে বাধা দেওয়া হয়। ৪ সেপ্টেম্বর গাফসা শাখাকেও গাফসা সিভিল কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে বন্দিদের মৃত্যুর অভিযোগ তদন্ত করতে চেয়েছিল সংগঠনটি।
অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ
তবে বন্দিদের চিকিৎসায় অবহেলা এবং কারাগারের পরিস্থিতি অবনতির অভিযোগ অস্বীকার করেছে তিউনিসিয়ার কারা ও পুনর্বাসন অধিদপ্তর। গত ২৭ জুলাই এক বিবৃতিতে তারা জানায়, প্রচণ্ড গরম মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দিদের স্বাস্থ্যসেবা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই বলে দাবি করে কর্তৃপক্ষ।
অ্যামনেস্টির দাবি, বন্দিদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্বাধীন মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের জন্য কারাগারগুলো উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লা রিপাবলিকা ও বিজনেস নিউজ তিউনিসিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন