প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সূচি পরিবর্তনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সঙ্গে সংঘাত এড়ানো যায়।
পিসিবি এবং আটটি ফ্র্যাঞ্চাইজির মালিকরা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।
ক্রিকইনফো জানাচ্ছে, গত ১ সেপ্টেম্বর লন্ডনে পিএসএল পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়টি উত্থাপন করা হয়। পিএসএলের সম্প্রচার ও ডিজিটাল স্বত্বধারী ওয়ালি টেকনোলজিস জানুয়ারিতে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
তাদের যুক্তি হলো, এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজন করা হয় রমজানের পর। এই সময়ে অনেক প্রতিষ্ঠানের বিপণন এবং টেলিভিশন বিজ্ঞাপনের বাজেটের একটি বড় অংশ খরচ হয়ে যায়।
ফলে বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত আয় পাওয়া কঠিন হয়ে পড়ে। তদুপরি, আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলো এই বিষয়ে শঙ্কামুক্ত নয়। তারা জানতে চায়, সময় পরিবর্তন হলেও সম্প্রচার স্বত্ব থেকে তাদের প্রাপ্য অর্থ পুরোপুরি নিশ্চিত থাকবে কি না।
বর্তমান চুক্তি অনুযায়ী, কেন্দ্রীয় রাজস্ব তহবিলের সম্প্রচার আয়ের ৯৫ শতাংশ পায় আটটি ফ্র্যাঞ্চাইজি।
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসএল ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পিএসএল এপ্রিল-মে মাসে চলে যাবে।
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজন করলে আইপিএলের সঙ্গে সূচির সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে, এ ক্ষেত্রে পিএসএলকে বিদেশি ক্রিকেটার পেতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
আবহাওয়াও একটি বড় বাধা হতে পারে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কনকনে শীত এবং ঘন কুয়াশা থাকে। লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডি—এই তিনটি ভেন্যু পাঞ্জাবে অবস্থিত।
এ কারণে প্রস্তাব এসেছে সিন্ধু প্রদেশের করাচিতে শুরু করে পরে পাঞ্জাব হয়ে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে টুর্নামেন্ট নেওয়ার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন