প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউল্যাব ক্রিকেট দল এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই অসাধারণ সাফল্য উদ্যাপন করতে এবং বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও সম্মাননা জানাতে ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ইউল্যাবের ক্রিকেট মাঠে একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বিজয়ী ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ইউল্যাব ক্রিকেট দলের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। খেলোয়াড়দের দলীয় প্রচেষ্টা, নিষ্ঠা ও অধ্যবসায়ই এই সাফল্য এনে দিয়েছে।’
ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য ক্রিকেট দলের উদ্দেশে বলেন, ‘এই চ্যাম্পিয়নশিপ ইউল্যাবের শিক্ষার্থীদের প্রতিভা, নেতৃত্বগুণ ও প্রতিযোগিতামূলক মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) বলেন, ‘ইউল্যাব ক্রিকেট দলের এই বিজয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করবে।’
শুভেচ্ছা বক্তব্য পর্ব শেষে ইউল্যাবের পক্ষ থেকে বিজয়ী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানান। উল্লেখ্য, দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ইউল্যাব চারটি ম্যাচের সবকটিতে জয় পেয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৮১ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
গত ১৩ নভেম্বর বসুন্ধরা স্পোর্টস সিটি-এর আনভির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইউল্যাব। ফাইনালে ফারহানের ৬১ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ইউল্যাব। জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁও ইউনিভার্সিটি ১৫২ রান সংগ্রহ করে। ফলে ৫৩ রানের জয় নিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর শিরোপা নিজেদের করে নেয় ইউল্যাব ক্রিকেট দল।
এই চ্যাম্পিয়নশিপ ইউল্যাবের ক্রীড়াঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা, দলীয় সংহতি ও প্রতিযোগিতামূলক মনোভাবকে আরো উৎসাহিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন