১২:৫১ এম
সিলেট মহানগরীতে অভিযান চলাকালে আটক হওয়া ব্যাটারিচালিত অবৈধ যানবাহন মুক্ত করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পাঁচটি শর্ত নির্ধারণ করেছে। এই শর্তগুলো পূরণ হলে আটক যানবাহনগুলো মুক্ত করার সুযোগ দেওয়া হবে।
তবে, মুক্ত হওয়া যানবাহন সিলেট মহানগরীতে চালানো বা বিক্রি করা যাবে না।
রোববার (১৫ নভেম্বর) এসএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে। মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপির একটি সভায় মানবিক দিক বিবেচনায় এসব যানবাহন মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ মে থেকে গণবিজ্ঞপ্তি জারির আগ পর্যন্ত আটক যানবাহনের মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে হবে। যানবাহন মুক্ত করার জন্য যে পাঁচটি শর্ত পূরণ করতে হবে তা হলো—
১. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি ও মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।
২. মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
আরও পড়ুন: নকলায় ৪৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ
৩. আটক যানবাহনের রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে।
৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৫. অবমুক্ত করা যানবাহন সিলেট মহানগরীতে বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেট মহানগরীতে পুনরায় কোনো ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক বা টমটম চালানো হলে বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগের ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন