প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর আবাসিক এলাকায় মাছের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের প্রাণিজ বর্জ্য পুড়িয়ে মাছের খাবার (ফিড) তৈরির কারখানার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চলমান এ কারখানার কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও দুর্গন্ধ থেকে মুক্তি মিলছে না।
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুরের দাসপাড়া আবাসিক এলাকা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশে প্রায় পাঁচ বছর ধরে এই কারখানার কার্যক্রম চলছে। তবে পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মেহেরপাড়া গ্রামের সবুজ নামের এক ব্যক্তি প্রায় পাঁচ বছর ধরে এই কারখানাটি পরিচালনা করছেন। নদীর পাড়ে কয়েকটি টিনশেড ঘরে কার্যক্রম চলছে। প্রতিদিন নরসিংদীর বিভিন্ন বাজার থেকে মাছের উচ্ছিষ্টসহ পচা-গলা প্রাণিজ বর্জ্য ড্রামে করে সেখানে নিয়ে আসা হয়। এরপর পাঁচ থেকে ছয়জন শ্রমিক ভোর থেকে এসব বর্জ্য বড় কড়াইয়ে দীর্ঘক্ষণ আগুনে গরম করেন, যার ফলে তীব্র দুর্গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রক্রিয়াজাতকরণের পর উপাদানগুলো পাশের খোলা জায়গায় শুকানো হয়। স্থানীয়দের অভিযোগ, এসব উপাদান দিয়ে মাছের খাবার তৈরির কাঁচামাল প্রস্তুত করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে কারখানা ও আশপাশের এলাকা পরিদর্শন করার সময় দেখা যায়, তীব্র দুর্গন্ধের কারণে কারখানার সামনে দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পথচারীদের নাক চেপে দ্রুত রাস্তা পার হতে হচ্ছে। এ সময় কারখানাটি তালাবদ্ধ থাকলেও জানালার ফাঁক দিয়ে ভেতরে বড় কড়াইয়ে বর্জ্য আগুনে জ্বাল দিতে দেখা যায়। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বর্জ্য। দুর্গন্ধের কারণে সেখানে কয়েক মিনিট অবস্থান করাও কষ্টকর। আশপাশের বাড়িগুলোর দরজা-জানালা বন্ধ দেখা যায়। কয়েকটি বাড়ির উঠানে নারীদের নাকে আঁচল চেপে কাজ করতে দেখা যায়।
কারখানার পাশের বাসিন্দা পবিত্র রাণী ধর কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বাড়ির পাশের কারখানায় বাজারের যত পচা জিনিস আছে, তা এনে জ্বাল দেওয়া হয়। এর দুর্গন্ধে আমরা বাড়িতে থাকতে পারি না। বাতাসে দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ছে। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারি না, মেহমানও আসে না। আমাদের স্বাভাবিক জীবন নষ্ট হয়ে গেছে। আমরা কারখানাটি বন্ধের দাবি জানাচ্ছি।’
স্থানীয়দের দাবি, এর আগে অন্য এলাকায় কারখানাটির কার্যক্রম চালানো হলে বাধার মুখে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সবুজ কবিরাজপুরের দাসপাড়ায় জমি ভাড়া নিয়ে আবার কারখানাটি চালু করেন। স্থানীয়দের বাধা উপেক্ষা করে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় প্রায় পাঁচ বছর ধরে চলছে এর কার্যক্রম।
দিলীপ দাস নামে এক বাসিন্দা বলেন, ‘বিভিন্ন বাজার থেকে ড্রামভর্তি মাছের উচ্ছিষ্ট, মুরগি ও গরুর চামড়াসহ বিভিন্ন ধরনের বর্জ্য এনে এখানে জ্বাল দেওয়া হয়। এগুলো থেকে তেলসহ ফিড তৈরির উপাদান তৈরি করা হয়, যা মাছ ও মুরগির খাবারে ব্যবহার করা হয়। এসব বর্জ্য জ্বালানোর ফলে দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এই দুর্গন্ধে এলাকার প্রায় ৪০০ পরিবারের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমনকি সন্তানদের বিয়ে দেওয়া এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে।’
আবদুল মান্নান নামের আরেক বাসিন্দা কালের কণ্ঠকে বলেন, ‘দুর্গন্ধ এতটাই প্রকট যে এর সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ বমি করে। এর প্রভাবে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এলাকাবাসী কয়েকবার কারখানায় তালা দিলেও সবুজ প্রভাবশালীদের ম্যানেজ করে আবার কারখানা চালু করেন। আমরা প্রশাসনের কাছে এটি বন্ধ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’
স্থানীয়দের দুর্ভোগের পাশাপাশি এসব পচা-গলা বর্জ্য থেকে তৈরি ফিডের উপাদান বিভিন্ন খামারে সরবরাহের অভিযোগও রয়েছে। এতে জনস্বাস্থ্যের পাশাপাশি প্রাণিসম্পদের জন্যও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।
পরপর কয়েক দিন কারখানাটিতে গিয়েও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। কারখানার মালিক সবুজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা কালের কণ্ঠকে বলেন, ‘আবাসিক এলাকায় এ ধরনের বর্জ্য পোড়ানোর কারখানা পরিচালনার কোনো নিয়ম নেই। আমরাও এ ধরনের কারখানা পরিচালনার কোনো অনুমতি দিইনি। আপনাদের মাধ্যমে কারখানা সম্পর্কে জানতে পেরেছি। সরেজমিন পরিদর্শন করে কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন