প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোট বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি বৈঠকে মিলিত হচ্ছেন। তারা দেশের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যৌথভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে নেতানিয়াহুর সামরিক সচিব গাই মার্কিজানোও উপস্থিত থাকবেন। তবে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার, নিয়মিত গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং নিশ্চিত করার জন্য আইজেনকোট দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপের আবেদন জানান। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইনপ্রণেতা হিসেবে এবং পার্লামেন্টে আনুষ্ঠানিক বিরোধীদলীয় নেতা না থাকায় তিনি নিয়মিত গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেন।
আইজেনকোটের এই দাবি এমন সময় সামনে এসেছে, যখন নেতানিয়াহুর ইরানে সামরিক অভিযান চালানোর আগ্রহের খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে আইজেনকোট নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, জরুরি নয় এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিরোধী নেতার মতে, এ ধরনের পদক্ষেপ ইসরাইলের গণতন্ত্রের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ ডেকে আনতে পারে।
এদিকে, নেসেটের গুরুত্বপূর্ণ দুটি কমিটির নিয়ন্ত্রণ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে গাদি আইজেনকোটের জোট। তবে পার্লামেন্টে প্রভাব বৃদ্ধি সত্ত্বেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারেননি তিনি। অতি-ধর্মীয় দল ও আরব দলগুলোর সমর্থন নিয়ে জোটের হিসাব জটিল হয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংসদীয় বিন্যাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আইজেনকোটের জোটের আভিগদর লিবারম্যান পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির অস্থায়ী প্রধান হচ্ছেন। আর অর্থ কমিটির দায়িত্ব পেয়েছেন লিরান আভিসার বেন-হোরিন। এই দুই কমিটির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে সংসদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে নেতানিয়াহুবিরোধী জোটের প্রভাব বৃদ্ধি পেয়েছে।
তবে সংসদীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি সত্ত্বেও সরকার গঠনের পথ এখনও পরিষ্কার নয়। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮ আসন পেয়েছে, যেখানে নেতানিয়াহুর পক্ষে থাকা দলগুলোর আসন ৫৩। বাকি ১৯ আসন আরব দলগুলোর। সরকার গঠনে ৬১ আসন প্রয়োজন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে আইজেনকোটকে অতি-ধর্মীয় দলগুলোর সমর্থন নিতে হবে, অথবা আরব দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে।
কিন্তু উভয় ক্ষেত্রেই বাধা রয়েছে। অতি-ধর্মীয় দলগুলো আইজেনকোটের সর্বজনীন সামরিক সেবার নীতির সঙ্গে একমত নয়। অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন জোটের নেতা ইয়ার গোলান। তবে জোটের অন্যান্য নেতারা আরব দলগুলোকে সরকারে অংশীদার করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এর ফলে সরকার গঠনের কৌশল নিয়ে আইজেনকোটের জোটের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন