০৪:০২ পি.এম
সিলেট, ৯ অক্টোবর, ২০২৬ : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে যে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। সরকার ইতোমধ্যে যেসব এজেন্সি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তরের সময় মন্ত্রী এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, প্রবাসীদের বিমানবন্দর সেবা সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ‘প্রবাসী কার্ড’ এবং ‘প্রবাসী ব্যাংক’সহ বিভিন্ন খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে। এ সময় প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, পৃথিবী যতদিন থাকবে, সমস্যাও ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৮ মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের জন্য সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী প্রেরণের জন্য কারিগরি দক্ষতা অপরিহার্য। এজন্য দেশের প্রতিটি কারিগরি প্রতিষ্ঠানকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দেশের কওমি মাদরাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন