০৩:৫২ পি.এম
রাজধানী ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার পর শিগগিরই এ অভিযান শুরু হবে।
বুধবার (১৮ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে পালিয়ে আসা অনেকে ঢাকায় আশ্রয় নিচ্ছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন, তাদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
আরও পড়ুন: নেছারাবাদে ছেলে সিয়াম হত্যায় বাকপ্রতিবন্ধী পিতা আরিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর
তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে, যা এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। পুলিশ নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে।
এছাড়া, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যে কোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আরও পড়ুন: হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে রয়েছে গুরুতর তথ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন