০৭:৪৬ পি.এম
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে সংসদীয় কমিটি জানতে চেয়েছে। একই সঙ্গে, ওই ঘটনার প্রেক্ষিতে কনস্যুলার কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি নির্দেশ দিয়েছে।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে, যা সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়টি উত্থাপন করা হলে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।
আরও পড়ুন: ববি হাজ্জাজ: প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
বৈঠকে ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কমিটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া, বৈঠকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন