০৯:৪৩ পি.এম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আরও পড়ুন: জেনেভায় বাংলাদেশ মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আগামী কুঁড়ি স্পোর্টসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গড়া ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক আন্দোলনের আদলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারায় ক্রীড়া ক্ষেত্রে এই নতুন ধারার সূচনা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের খেলোয়াড়দের পেশাদারিত্বের আওতায় আনার জন্য ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই পরিধি আরও বাড়িয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলমান থাকবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম আসরে ৮টি ইভেন্ট হলেও দ্বিতীয় আসরে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃণমূলের পরিধি আরও বিস্তৃত করে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করা হবে।
জাতীয় পর্যায়ে পুরস্কৃত ৩১০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখান থেকে সেরা প্রতিভা বাছাই করে তাদের খেলাধুলা ও পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব সরকারি খরচে বহন করা হবে।
আরও পড়ুন: মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল
তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে ‘স্পোর্টস ভিলেজ’ তৈরি করা হবে, যার মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি, ঢাকার বাইরে বিভাগের শহরগুলোর বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে ২০১ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি এবং আরও ২৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন