প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ইরানে সংঘটিত যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। তিনি সামরিক অভিযানে এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের নজরদারি ও নিয়ন্ত্রণকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
গিলিব্র্যান্ডের উদ্বেগ, এআইয়ের ভুল সিদ্ধান্তের ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। নিউ ইয়র্কের এই সিনেটর উল্লেখ করেছেন যে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সামরিক ক্ষেত্রে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে লক্ষ্যবস্তু নির্ধারণে এ প্রযুক্তির ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই সামরিক ক্ষেত্রে এআই-সক্ষম অস্ত্রব্যবস্থার কার্যক্ষমতা এবং সেগুলোর ওপর মানুষের নজরদারি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা উচিত। গিলিব্র্যান্ড বলেন, ‘দ্রুত কাজ শেষ করার তাগিদে বিদেশের কোনো মেয়েদের স্কুলে বোমা হামলা হোক, তা আমি চাই না। কারণ, এআই হয়তো স্কুল ও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। সেখানে হয়তো মানুষের নজরদারি ছিল না, কিংবা তারা ১০ বছর আগের তথ্য ব্যবহার করেছে।’
তবে, ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহৃত হয়েছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই বলে জানিয়েছেন গিলিব্র্যান্ড। তিনি উল্লেখ করেন, ‘এ ধরনের কাজে এআইয়ের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস করার কোনো কারণ এখন আমাদের নেই। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে হবে।’
এআইয়ের ভুল তথ্য বা মনগড়া ফলাফল (হ্যালুসিনেশন) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গিলিব্র্যান্ড। তার ভাষায়, ‘মানুষকে হত্যার বিষয় যখন আসে, তখন আপনি নিশ্চয়ই এআইয়ের হ্যালুসিনেশন চান না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিল স্কুলছাত্রী।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলার দায় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে আসছে। তবে হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণ ক্রমেই ইঙ্গিত দিচ্ছে, এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল।
ইরানের ওই স্কুলে হামলার পরিপ্রেক্ষিতেই সামরিক অভিযানে এআই ব্যবহার, লক্ষ্যবস্তু নির্ধারণে এর নির্ভরযোগ্যতা এবং মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর গিলিব্র্যান্ড।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন