প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। প্রবাসের কর্মব্যস্ত জীবন পেছনে ফেলে দেশে ফিরে শুরু করেছিলেন চাকরি। তবে কৃষির প্রতি ভালোবাসা আর নিজে কিছু করার স্বপ্ন তাঁকে বারবার টেনেছে গ্রামের মাটিতে। সেই স্বপ্ন থেকেই মাদারীপুরের শিবচরে গড়ে তুলেছেন কমলার বাগান। বিদেশি ফল হিসেবে পরিচিত কমলা এখন ফলছে তাঁর বাগানেই। আর এই উদ্যোগ ঘিরেই সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন খান।
জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা রাসেল হোসেন। ২০২১ সালে সৌদি আরব থেকে দেশে ফেরার পর প্রথমে পরিবহন খাতে চাকরি নেন তিনি। কিন্তু কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাঁকে স্থির থাকতে দেয়নি। একপর্যায়ে চাকরি ছেড়ে ২০২৩ সালে বাবার কৃষিকাজের দায়িত্ব নেন। এরপর শুরু করেন কমলার চাষ। শুরুতে প্রত্যাশিত ফলন না পেলেও ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেন তিনি।
প্রায় ৯ বিঘা জমিতে গড়ে তুলেছেন সমন্বিত ফলের বাগান। সেখানে রয়েছে মাল্টা, পেয়ারা ও বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে দেড় বিঘা জমিতে চায়না থ্রি জাতের প্রায় ১০০টি কমলার গাছ রয়েছে। গত তিন বছর ধরে এসব গাছে ফলন হচ্ছে। চলতি মৌসুমে প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত কমলা ধরেছে। গাছের ডালে ডালে ঝুলছে ছোট আকৃতির টক-মিষ্টি স্বাদের পাকা কমলা। ভালো ফলন হওয়ায় নতুন করে আরও কমলার চারা রোপণ করেছেন রাসেল।
বাগানের উৎপাদিত কমলা স্থানীয় বাজারে প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গাছপাকা ও তাজা কমলা কিনতে বাগানেই ছুটে আসছেন ক্রেতারা। উৎপাদিত অধিকাংশ কমলা শিবচরের স্থানীয় বাজারেই বিক্রি হয়ে যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও বিক্রি করছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। প্রতিদিন বিকেলে বাগানে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ গাছ থেকে কমলা পেড়ে কিনছেন, আবার কেউ বাগানের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের কাছে বাগানটি হয়ে উঠেছে আকর্ষণীয় একটি স্থান।
স্থানীয় বাসিন্দা আব্দুল রহমান বলেন, আগে এ এলাকায় এমন কমলার বাগান খুব একটা দেখা যেত না। রাসেল নিজের উদ্যোগ ও পরিশ্রমে বাগান গড়ে তুলে এলাকায় নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। গাছে গাছে পাকা কমলা দেখতে এখন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। তাঁর এ উদ্যোগ দেখে এলাকার অনেকেই কৃষিকাজে নতুন করে আগ্রহী হচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে এ ধরনের বাগান আরও গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিবারের সদস্যদের নিয়ে বাগান ঘুরতে আসা মইনা খাতুন বলেন, গাছে গাছে পাকা কমলা ঝুলতে দেখে খুবই ভালো লেগেছে। সাধারণত বাজার থেকে কমলা কিনে খাই, কিন্তু সরাসরি গাছ থেকে পেড়ে তাজা কমলা খাওয়ার আনন্দই আলাদা। বাগানের পরিবেশও বেশ সুন্দর। পরিবারের সবাই মিলে ঘুরে সময় কাটাতে পেরে ভালো লাগছে। এমন একটি সুন্দর বাগান গড়ে তোলার জন্য উদ্যোক্তা রাসেলকে ধন্যবাদ জানান তিনি।
উদ্যোক্তা রাসেল হোসেন বলেন, বাগান গড়ে তুলতে শুরুতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়েছে। এরপর নিয়মিত পরিচর্যা, সার ও ওষুধের পেছনেও খরচ রয়েছে। তবে ভালো ফলন ও ক্রেতাদের সাড়া তাঁকে উৎসাহিত করছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কমলা বিক্রি করছেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, বাগানটিতে দেড় বিঘা জমিতে কমলার চাষ হচ্ছে এবং ফলনও বেশ ভালো। উদ্যোক্তা চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশের মাটিতে কমলার মতো ফলের চাষ সম্প্রসারণের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে। রাসেল হোসেনের উদ্যোগ সেই সম্ভাবনারই একটি উদাহরণ। তাঁর প্রত্যাশা, পরিকল্পিত পরিচর্যা ও সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে কমলার উৎপাদন আরও বাড়বে। একই সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, সমৃদ্ধ হবে স্থানীয় কৃষি অর্থনীতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন