০৬:৫৯ পি.এম
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সর্বশেষ হামলা প্রায় ৯০ মিনিট সময় ধরে চলে এবং এতে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৩০ মিনিটে এবং তেহরান সময় বিকাল ৩টায় নতুন দফার এই হামলা শেষ হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ৯০ মিনিটের অভিযানে পার্সি উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার এবং উৎক্ষেপণস্থল লক্ষ্য করে নির্ভুলভাবে পরিচালিত (প্রিসিশন) গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০
মার্কিন সামরিক বাহিনীর দাবি, এই হামলার ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, গ্রেটার তুনব দ্বীপে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক উপস্থিতি ও নৌ সক্ষমতা সীমিত করার কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে।
তবে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে জটিল করে ফেলতে পারে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি
তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন