মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
১১:৪৮ পি.এম
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় একটি নারীকে মৃত ঘোষণা করে শনিবার সকাল ৮টার দিকে দাফন করা হয়। এর পর মৃত নারীর মেয়ের মাধ্যমে এই দাবি ছড়িয়ে পড়ে যে, "জ্বীনে ধরেছে"। স্থানীয়দের মতে, ওই মেয়ের কথার ভিত্তিতে গুঞ্জন শুরু হয় যে তার মা সম্ভবত জীবিত রয়েছেন।
এরপর স্থানীয়দের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মৃত নারী মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবিরের মা।
তবে এই প্রতিবেদন লেখা অবধি সংশ্লিষ্ট প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই নারী জীবিত আছেন কি না, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল থেকে যদি নিশ্চিত তথ্য পাওয়া যায়, তখন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যবসায়ী ও বিনোদনজগতের পরিচিত মুখ ভিকি জেইন তার জন্মদিনের শুভক্ষণে বিনোদন ইন্ডাস্ট্রিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘ভিজে ফ্রেমস’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটিয়ে প্রথম চলচ্চিত্রের বড় ঘোষণা দিয়েছেন।
এক বিশাল বাজেটের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই ব্যানার। এই ছবিতে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অ্যাকশন স্টার টাইগার শ্রফ, বহুমুখী অভিনেতা অভিষেক ব্যানার্জি এবং ওটিটি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব এলভিশ যাদবকে।
আলোচিত এই অ্যাকশন ধামাকাটি পরিচালনা করছেন খ্যাতনামা নৃত্যপরিচালক ও নির্মাতা রেমো ডি’সুজা। আজ শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং ও প্রারম্ভিক কাজ শুরু হয়েছে।
ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে নিশ্চিত করেন যে, ভিকি জেইন তার জন্মদিনে প্রযোজনা সংস্থা ভিজে ফ্রেমসের সূচনা করেছেন এবং এই যাত্রায় রেমো ডি’সুজার পরিচালনায় একটি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির জন্য টাইগার শ্রফ, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদবকে চুক্তিবদ্ধ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, ব্যানারটির প্রথম এই প্রজেক্টের শিরোনাম এখনো নির্ধারিত হয়নি, তবে আজ থেকেই এটি ফ্লোরে নেমেছে।
চলচ্চিত্রজগতে প্রযোজক হিসেবে পা রাখা নিয়ে তাঁর উচ্ছ্বাস ও দীর্ঘদিনের পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন ভিকি জেইন।
অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি রিয়েলিটি শো এবং ব্যবসায়িক অঙ্গনে সাফল্য পাওয়ার পর এবার সিনেমা প্রযোজনায় মনোনিবেশ করছেন। নিজের শুভদিনে এই নতুন অধ্যায় প্রসঙ্গে ভিকি বলেন, ভিজে ফ্রেমস চালু করা এমন একটি স্বপ্ন যা বছরের পর বছর ধরে আমি বুনে এসেছি। এই যাত্রা শুরু করার জন্য নিজের জন্মদিনের চেয়ে দারুণ কোনো মুহূর্ত হতে পারে না। সিনেমা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। এই ব্যানারের মাধ্যমে আমি এমন সব গল্প উপহার দিতে চাই যা দর্শকদের বিনোদন দেবে, তাঁদের সঙ্গে সংযোগ তৈরি করবে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। রেমো ডি’সুজার মতো অভিজ্ঞ পরিচালক এবং এমন একটি দুর্দান্ত অভিনয়শিল্পীর দলকে সঙ্গে নিয়ে একটি উচ্চাকাঙ্ক্ষী অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির কাজ শুরু করা এই আনন্দকে আরও বিশেষ করে তুলেছে। এটি কেবল সূচনা, সামনে যা আসছে তা নিয়ে আমি ভীষণ আশাবাদী।
প্রযোজনা সংস্থার প্রথম চলচ্চিত্রেই পরিচালক হিসেবে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন রেমো ডি’সুজা। তিনি ভিকি জেইনের সিনেমাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, ভিজে ফ্রেমসের প্রথম চলচ্চিত্রটি পরিচালনা করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। ভিকি একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এবং সিনেমার প্রতি খাঁটি ভালোবাসা নিয়ে কাজ শুরু করেছেন, তার এই যাত্রার অংশ হতে পেরে দুর্দান্ত লাগছে। আমরা টাইগার শ্রফ, অভিষেক ব্যানার্জি এবং এলভিশ যাদবের মতো চমৎকার একটি কাস্ট পেয়েছি। আমি দর্শকদের জন্য অ্যাকশন ও বিনোদনে ভরপুর একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করতে মুখিয়ে আছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বসবাসরত তাদের নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন জানিয়েছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। তাই মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ছাড়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। যারা বাইরে অবস্থান করছেন, তাদের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যমুখী ভ্রমণ কঠোরভাবে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হোয়াইট হাউসের এক চাঞ্চল্যকর ঘোষণার কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে সামরিক হামলার খসড়ায় অনুমোদন দিয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।
ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ইরান তাদের বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানবে। এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাসগুলো নড়েচড়ে বসেছে।
জর্ডান, সৌদি আরব, মিশর, জেরুজালেম এবং বাগদাদসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে একযোগে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যে কোনো মুহূর্তে আকস্মিক সংঘাতের বিস্তার ঘটতে পারে। ভ্রমণকারীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে আকস্মিক ফ্লাইট বাতিল হওয়া, অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ থাকা এবং ভ্রমণের পথে বড় ধরনের নানা বিপত্তি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, ওয়াশিংটন এবং তাদের মিত্র দেশগুলো যৌথভাবে ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে বড় ধরনের বোমাবর্ষণ ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং তেল শোধনাগারগুলোর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো এই সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে। যেকোনো মুহূর্তে সপ্তাহান্তে এই সামরিক অভিযান শুরু হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও অন্যান্য নেতার অশালীন এবং অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, এবং ভবিষ্যতে তিনি যদি এ জেলায় আসেন, তবে তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।
এ এই প্রতিবাদ সমাবেশ শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি পরে চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, এনসিপির মতো একটি ‘কথিত বাণিজ্যিক দল’-এর নেতাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন এনসিপির নেতারা।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে তারেক রহমান বা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। তাই, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুর, ১ আগস্ট: ফরিদপুর সদর (কোতয়ালী) থানা এলাকায় এক অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি বিদেশি তরে তৈরি আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে, শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করার সময় একটি বিদেশি তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এই সময় অস্ত্র রাখার অভিযোগে মো. শাহিন মোল্লা (৩৩)কে গ্রেপ্তার করে নেয়া হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা এবং তারা মোল্লার ছেলে।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ