১০:২১ পি.এম
পাবনার লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, লষ্করপুর রেলওয়ে স্টেশন ও সেই এলাকার আশপাশে কয়েকটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারীদের ধাওয়া করতে শুরু করে এবং এলোমেলোভাবে কামড়াতে থাকে। ফলে নারী, পুরুষ এবং শিশুসহ অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা পরবর্তীতে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুকুরের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিন জন চিকিৎসার পরে বাড়িতে ফিরে গেছেন, কিন্তু বাকি আট জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
আহত সকলকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং র্যাবিস প্রতিরোধী টিকা দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লষ্করপুর রেলওয়ে স্টেশনের অঞ্চলে দীর্ঘকাল ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চললেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই কারণে যাত্রী, রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে আছেন।
স্থানীয় বাসিন্দা জুই আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন, অন্তত ১৫ থেকে ২০ জনকে কুকুর কামড়াতে দেখেছেন এবং এক শিশুর চোখে গুরুতর আঘাত লেগেছে।
বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা ও র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালটিতে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন