প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা অঞ্চলে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে বিমানবন্দর নির্মাণের জন্য বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করা হবে, যা খুলনার আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নেবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উক্ত লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।
শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল প্রশ্নে উল্লেখ করেন, খুলনার জনগণের জন্য দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সরকার একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী জানান, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের জন্য ইতোমধ্যে ২১৭ হেক্টর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে বিগত সরকারের সময়ে ২০২৩ সালের ২২ জুন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী আরও জানান, আকাশপথে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের মোট আটটি বিমানবন্দর সচল করার জন্য একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে, যার মধ্যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।
এছাড়া, সরকার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু করেছে। এই পরিকল্পনায় দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী বলেন, খুলনার আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। এই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকার বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন