ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ চালু করল ওয়াইকেকে বাংলাদেশ


এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ চালু করল ওয়াইকেকে বাংলাদেশ

রাজধানীর এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে, যা কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সহায়তা করবে লোডশেডিংয়ের সময়েও। ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের আর্থিক সহায়তায় এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে, এবং উদ্বোধন করেছে উভয় প্রতিষ্ঠান।

বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘সোলার পাওয়ার সেটআপ প্রোগ্রাম-২০২৬’ এর আওতায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সৌরবিদ্যুৎ ভিলেজের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ করবে। এর ফলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে, মাসিক বিদ্যুৎ খরচ হ্রাস পাবে এবং কার্বন নিঃসরণও কম হবে।

আরও পড়ুন: বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

ঢাকার এসওএস ইয়ুথ ভিলেজে বেড়ে ওঠা পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত কিশোরেরা এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে রয়েছে। এখানে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও জীবনদক্ষতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। নতুন সৌরবিদ্যুৎ ব্যবস্থা তাদের শিক্ষা ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো এবং প্রশাসন সমন্বয়কারী শিনোবু নাকায়ামা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষ থেকে এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী এবং করপোরেট ফান্ডরেইজিং কর্মকর্তা মো. আরমান কবির মাহিদও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফ আলী মন্তব্য করেন, "সন্ধ্যায় পড়তে বসার সময় বিদ্যুৎ চলে গেলে আলো না আসা পর্যন্ত অনেক কিশোরের পড়াশোনা থমকে থাকে। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় এখন আর তাদের মূল্যবান সময় নষ্ট হবে না।" তিনি আরও বলেন, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় তিনি ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডকে সময়োপযোগী সহায়তার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি পণ্য মিলছে ১৩তম জাতীয় এসএমই মেলায়

দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, কিশোরেরা নিজেদের আবাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দেখে দৈনন্দিন জীবনে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার বিষয়ে সচেতন হবে। ভবিষ্যতে তারা জলবায়ু সুরক্ষায় ভূমিকা রাখবে এবং অন্যদের উৎসাহিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় এনজিও কর্মী মাহমুদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


হোমনায় এনজিও কর্মী মাহমুদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় পুলিশ মাহমুদা আক্তার (২৯) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা মধ্যপাড়ার আজিজের কন্যা। তার স্বামী রবিউল আউয়াল সৌদি আরবে কর্মরত। তাদের একটি ছেলে (২) ও একটি মেয়ে (৬) রয়েছে।

মাহমুদা আক্তার বেসরকারি সংস্থা মানবিক উন্নয়ন কেন্দ্র (পদক্ষেপ)-এর রামকৃষ্ণপুর শাখায় ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার আড়ালিয়া কান্দির তিন তলা বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাহমুদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে তিনি স্বামীর সঙ্গে শেষ কথা বলেন। ধারণা করা হচ্ছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে, পারিবারিক মনোমালিন্যের কারণে মাহমুদা আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে অধিকতর তদন্তের মাধ্যমে মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

রাঙ্গামাটি, ২৫ নভেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু উল্লেখ করেছেন, কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক চিত্র পরিবর্তন করা সম্ভব।

তিনি আরও বলেন, পাহাড়ের মাটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে এখান থেকে সোনা ফলানো সম্ভব।

আজ সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

পার্বত্যমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স, বিশেষ করে ওয়াটার অ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। এই অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

কাপ্তাই লেকের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।

সাচিং প্রু বলেন, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে কৃষকদের উৎসাহিত করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।

সভায় রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান কাপ্তাই লেক থেকে আহরিত মাছের পরিমাণ ও উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চতর কারিগরি কমিটি গঠন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মীর শরীফ দ্বিতীয়বারের মতো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মীর শরীফ দ্বিতীয়বারের মতো

ভোলার চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুরে ভোটের ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার গোপন ব্যালটে উপজেলা জামায়াতের রোকনদের (সদস্য) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পুনরায় এই পদে নির্বাচিত হন।

ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চরফ্যাশন উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত আমির মীর মোহাম্মদ শরীফ হোসাইন স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতিতে তিনি চরফ্যাশন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, ভোলা জেলা শাখার সভাপতি এবং বরিশাল মহানগর শাখার সেক্রেটারিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পরে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে তিনি দলটির বিভিন্ন পর্যায়ে কাজ করেন। এর মধ্যে চরফ্যাশন পৌর জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মীর শরীফ হোসাইন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মীর মোহাম্মদ শরীফ হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। পুনরায় আমির নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে বলে দলীয়ভাবে দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ, রাজস্ব আদায়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ, রাজস্ব আদায়ের শঙ্কা

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবিতে ব্যবসায়ীরা মাছ আহরণ বন্ধ করে রেখেছেন। এর ফলে বিএফডিসির রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, অবতরণ ও পরিবহনের ওপর প্রায় ২৬ হাজার জেলে, ৫ হাজার শ্রমিক ও ৫ হাজার ব্যবসায়ী নির্ভরশীল।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুই বছর ধরে মাছ ধরার জন্য ঘাটে নামানোর সময় সীমিত করে দেওয়া হয়েছে।

এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সন্ধ্যায় হ্রদে যে জাল ফেলা হয়, সেটি উঠে আসতে রাত হয়ে যায়। ফলে মাছগুলো বিভিন্ন উপজেলা থেকে বোটে করে রাঙামাটির বিএফডিসির ঘাটে পৌঁছাতে রাত ১০টা বেজে যায়। তবে বিএফডিসি রাতে সেই মাছের রাজস্ব গ্রহণ করে না।

এর ফলে মাছের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে এবং পচে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে জেলেরাও মাছের ন্যায্য দাম পাচ্ছেন না বলে তারা দাবি করেছেন।

ব্যবসায়ীদের দাবি, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং লালী খোপের জন্য রাত ১১টা থেকে ১টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায়ের সময় বৃদ্ধি করতে হবে। নতুন সময়সূচি নির্ধারণ না হওয়া পর্যন্ত মাছ অবতরণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কবির সওদাগর বলেছেন, ‘সন্ধ্যায় যে জালটি হ্রদে ফেলা হয় সেটি উঠে আসতে রাত ৯টা বেজে যায়। লংগদু, মাইনী, মারিশ্যা, বরকল, হরিণার মত দূরবর্তী উপজেলাগুলো থেকে মাছগুলো অবতরণ ঘাটে আসতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাছগুলো অবতরণ ঘাটে এসে পৌঁছালে বিএফডিসি রাজস্ব আদায় করে না। পরের দিন সকালে রাজস্ব আদায় করলেও ততক্ষণে মাছগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই তারা রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবি জানিয়ে অবতরণ বন্ধ করেছেন।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মাহফুজ বলেছেন, গত ২-৩ বছর ধরে অবতরণের সময় কমানো হয়েছে। এর আগে মধ্যরাতেও মাছ অবতরণ হত। যদি আমরা রাতেও মাছ অবতরণ করতে পারি, তবে সেই মাছগুলোর ন্যায্য দাম পাওয়া যাবে। আমরা জেলেদের মাছ শিকার করতে নিষেধ করিনি। তারা মাছ আহরণ করে তাদের ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় বিক্রি করতে পারে। শুধু আমাদের বিএফডিসি ঘাটে অবতরণ বন্ধ রেখেছি।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেছেন, মাঝখানে একটি বিরতিসহ সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মাছ অবতরণ হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যদি মধ্যরাত পর্যন্ত অবতরণ হয়, তাহলে হ্রদে ওভারফিশিং হবে। মাছগুলো তার পরিপক্কতা পাওয়ার জন্য যথেষ্ট সময় পাবে না।

তিনি ব্যবসায়ীদের দাবি অযৌক্তিক জানিয়ে আরো বলেছেন, সরকার অতিরিক্ত মাছ আহরণের ব্যাপারে সতর্ক রয়েছে। পাশাপাশি এই বিষয়ে নানান বিধিনিষেধও আছে। অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, শ্রমিক কর্মচারীদের জন্য যাতে শ্রম আইন লঙ্ঘন না হয়, মাছে সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ সব বিষয় বিবেচনা করে মাছ অবতরণের এই সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন করলে হ্রদের মৎস্য শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%